খুলনা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার দিঘলিয়া উপজেলায় ভৈরব নদীতে রোববার রাতে ট্রলারডুবি হয়েছে।
সোমবার দুপুরে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরো তিনজন। এরমধ্যে একজন হলেন দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা গ্রামের মকবুল হোসেন। বাকি এক মহিলা ও এক শিশুর নাম জানা যায়নি।
উদ্ধার হয়েছে আবু বক্কার (২০) নামে এক যুবকের লাশ। তার বাড়ি উপজেলার দোয়ারা গ্রামে।
দিঘলিয়া থানার ওসি মো. নাসিম খান জানান, রাতে দৌলতপুর খেয়াঘাট থেকে ৩০-৪০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার দিঘলিয়ার দিকে যাচ্ছিলো। অতিরিক্ত যাত্রী বহনের কারণে মাঝনদীতে গিয়ে ট্রলারটি ডুবে যায়।
অন্য যাত্রীরা সাঁতরে কূলে উঠলেও চারজন নিখোঁজ ছিলেন। সোমবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৪৫ ঘ.
bdnews24