২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণসংহতির ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গণসংহতি আন্দোলনের খাদ্য মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2011, 11:16 AM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গণসংহতি আন্দোলনের খাদ্য মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১২টায় সংগঠনটির নেতা-কর্মীরা মিছিল করে সচিবালয়ের দিকে যাওয়ার সময় প্রেসক্লাবের পাশে সচিবালয় লিংক রোডে পুলিশ তাদের আটকে দেয়। পরে তারা সেখানেই বসে পড়েন এবং সমাবেশে অংশ নেন। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে দেশে দ্রব্যমূল্য বাড়ার বিষয়টিকে একটি 'কৌশল' উল্লেখ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সমাবেশে বলেন, "আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে বিএনপি এবং তত্ত্বাবধায়ক সরকারের মতো মহাজোট সরকারও একই কায়দায় জিনিসপত্রের দাম বাড়াচ্ছে।" দেশের মানুষের ক্রয়ক্ষমতার ওপরেই চালের দাম নির্ধারিত হওয়া উচিত মন্তব্য করে তিনি বলেন, "চাহিদার ৯৫ শতাংশ চাল যেখানে দেশেই উৎপাদন হয়, সেখানে মাত্র ৫ লাখ টন চাল আমদানির জন্য দ্রব্যমূল্য বাড়ানো লাগে না।" চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার পেছনে এককভাবে 'সিন্ডিকেট' বা মধ্যসত্বভোগীদের দায়ী না করে এর সঙ্গে সরকার ও সরকারের বাইরে রাজনীতি সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতাদেরও দায়ী করা উচিৎ বলে মন্তব্য করেন তিনি। খাদ্যে ভর্তুকি দিয়ে অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান সাকি। জ্বালানি, সেচ ও কীটনাশকনির্ভর কৃষি পদ্ধতির কারণে উৎপাদন খরচ বাড়ায় দ্রব্যমূল্য আজকের অবস্থা এসেছে মন্তব্য করে বাংলাদেশ প্রতিবেশ আন্দোলনের আহ্বায়ক ও গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হাসান রুবেল বলেন, "সবুজ বিপ্লবের নামে অধিক সেচ, সার ও কীটনাশকনির্ভর কৃষি উৎপাদনকে অনেক খরচের ব্যাপারে পরিণত করেছে। ২০০০ সালেও যেখানে মনপ্রতি ধানের উৎপাদন খরচ ছিল ১৭০ থেকে ১৮০ টাকা, এখন তা ৪৫০ থেকে ৫০০ টাকায় পৌঁছেছে। খরচে কুলিয়ে উঠতে না পেরে ছোট কৃষক ভূমিহীনে পরিণত হচ্ছে।" অন্যদের মধ্যে বাংলাদেশ বহুমুখী শ্রবজীবী সমিতির রাজনীতি বিষয়ক সম্পাদক রণজিৎ মজুমদার রিংকু, বাংলাদেশ বহুমুখী হকার্স এবং শ্রমজীবী সমিতির সভাপতি বাচ্চু ভূঁইয়া, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আরিফুল ইসলাম এবং বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির আহ্বায়ক তাসলিমা আখতার সমাবেশে বক্তৃতা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/জেকে/১৭০৮ ঘ.