ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমানে দেশে গৃহকর্মে শ্রম দিচ্ছে প্রায় ১৮ লাখ শিশু, যাদের বয়স ১৫ বছরের কম। 'গৃহ-শ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক' সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়ে গৃহকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ সংক্রান্ত সুরক্ষা ও কল্যাণ নীতিমালা চূড়ান্ত অনুমোদনের দাবি জানিয়েছে।
২০০৬ সালের শ্রমশক্তি জরিপের তথ্য তুলে ধরে সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে এখন ২০ লাখের বেশি মানুষ গৃহকর্মে নিয়োজিত, যার ৮০ শতাংশই নারী ও শিশু। গৃহকর্মে নিয়োজিত ১৫ বছরের বেশি বয়সী শিশুর সংখ্যা ৩ লাখ ৩১ হাজার, এর মধ্যে ৭৮ শতাংশ নারী।
গত ১০ বছরে বাংলাদেশে ৭৯৭ জন নিহত ও ২৯৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক। এর মধ্যে গৃহ-কর্তা বা কর্ত্রী ছাড়াও অন্যদের নির্যাতনের শিকার হয়েছে আরো ১০০ জন।
নেটওয়ার্কের নেতা ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান বলেন, বিশ্বের বিভিন্ন দেশে গৃহ-শ্রমিক হিসেবে কর্মরতরা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছে।
গৃহ-শ্রমিকদের জন্য শোভন কাজ সংক্রান্ত আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কনভেনশনের ১৮৯ ধারা দ্রুত অনুসমর্থন ও এর আলোকে শ্রম আইন সংশোধন করে গৃহ-শ্রমিকদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
২০১১ সালের ১ থেকে ১৭ জুন জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ১০০তম অধিবেশনে গৃহ-শ্রমিকদের জন্য শোভন কাজ সংক্রান্ত সুপারিশ গ্রহণ করা হয়।
দেশে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালার চূড়ান্ত খসড়াটি অনুমোদনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। গৃহ-শ্রমিকদের কর্ম ঘণ্টা, মজুরি নিরাপত্তা ও কর্ম-পরিবেশসহ প্রয়োজনীয় শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়ার আহ্বান জানান ওয়াজেদ।
গৃহ-শ্রমিক হিসেবে বিদেশে যারা যাচ্ছে, তাদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তৈরি করা 'গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা, ২০১০' অনুমোদনের দাবিতে বিলস'র সহায়তায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বিলস সদস্য আব্দুল কাদের হাওলাদার, গার্মেন্টস শ্রমিক নেতা আবুল হোসাইন ও শ্রমিক নেত্রী নাজমা ইয়াসমিন উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৬২০ ঘ.
bdnews24