ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধানমণ্ডি বঙ্গবন্ধু জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন কংগ্রেসপ্রধান সোনিয়া গান্ধী।
আন্তর্জাতিক অটিজম সম্মেলনে যোগ দিতে আসা সোনিয়া সোমবার সকাল সোয়া ৯টার দিকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যান। সেখানে তিনি প্রায় ১৫ মিনিট অবস্থান করেন।
বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোনিয়া গান্ধী বঙ্গবন্ধু জাদুঘর ঘুরে দেখেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
বঙ্গবন্ধু নিহত হওয়ার স্থান, মুক্তিযুদ্ধের সময় তোলা বিভিন্ন ছবি, বঙ্গবন্ধুর সঙ্গে তোলা নিজের শাশুড়ি ইন্দিরা গান্ধীর ছবি দেখে সোনিয়া আবেগাপ্লুত হয়ে পড়েন বলে ওই কর্মকর্তা জানান।
বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অবদানের জন্য ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে স্বাধীনতা সম্মাননা দিচ্ছে সরকার। সোমবার বিকালে বঙ্গভবনে সোনিয়ার হাতে সম্মাননাপত্র তুলে দেবেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
সোনিয়া জাদুঘরের মন্তব্য খাতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একজন সাহসী নেতা ও রাষ্ট্রনায়ক হিসেবে উল্লেখ করে লিখেছেন- তার অবদান বাঙালি জাতি ও বিশ্বের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিএম/পিসি/এমআই/১০২৬ ঘ.
bdnews24