বরিশাল, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভ্যন্তরীণ বিরোধের জেরে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির চার নেতা প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন।
এরা হলেন বাকেরগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিকদার, বানরীপাড়ার সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মাস্টার, বানরীপাড়া পৌর শাখা সভাপতি খলিলুর রহমান চোকদার ও সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা।
রোববার দুপুরে দপদপিয়ায় আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোলঘর এলাকায় হামলা হয় খলিলুর রহমান সিকদারের উপর।
একই সময়ে নগরীর কাশিপুর চৌমাথায় হামলা হয় বাকি তিনজনের উপর।
এরমধ্যে প্রথমজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাকি তিনজনকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাহাবুবুর রহমান মাস্টার জানান, বানারীপাড়া থেকে তারা মহেন্দ্র টেম্পুযোগে রওনা হন। কাশিপুর চৌমাথায় পৌঁছলে অজ্ঞাত দুর্বৃত্তরা পথরোথ করে তাদের প্রতি ইটপাটকেল ছোঁড়ে। এরপর প্রচণ্ডভাবে কিলঘুষি মেরে আহত করে।
হামলায় তার দু'টি দাঁত পড়ে গেছে বলে জানিয়েছেন তিনি।
নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পর মামলার সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
দক্ষিণ জেলা বিএনপির দপ্তর সম্পাদক মঞ্জুর হোসেন বলেন, খলিলুর রহমান সিকদার বাসযোগে নগরীতে আসার সময় সেরনিয়াবাত সেতুর কাছে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে বাস থেকে নামিয়ে মারধর করে।
অজ্ঞান অবস্থায় স্থানীয়রা তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করে।
দক্ষিণ জেলা বিএনপি সভাপতি আহসান হাবিব কামাল এই হামলার জন্য মহানগর সভাপতি সাংসদ মজিবুর রহমান সরোয়ার ও জেলার সাবেক সাধারণ সম্পাদক এবায়দুল হক চাঁনকে দায়ী করেন।
মজিবুর রহমান সরোয়ার দেশের বাইরে থাকায় তার সঙ্গে কথা বলা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৭ ঘ.
bdnews24