২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

স্বামী আলী হোসেনের বিরুদ্ধে স্ত্রী মাহমুদা আক্তার চপলকে হত্যার পর লাশ গুম চেষ্টার অভিযোগ করেছেন চপলের ভাই মো. মামুন সিকদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2011, 03:35 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বামী আলী হোসেনের বিরুদ্ধে স্ত্রী মাহমুদা আক্তার চপলকে হত্যার পর লাশ গুম চেষ্টার অভিযোগ করেছেন চপলের ভাই মো. মামুন সিকদার। রোববার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এ অভিযোগ করা হয়। আলী হোসেন বর্তমানে সৈয়দপুর ২৭ বেঙ্গল রেজিমেন্টে কর্পোরাল হিসেবে কর্মরত বলে জানান মামুন। আলী হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তার বড় ভাই নুরুজ্জামান মোবাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা মিরপুর বেড়িবাঁধে এক সড়ক দুর্ঘটনায় চপল মারা যান। ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে এর সত্যতাও পাওয়া।" মো. মামুন সিকদার অভিযোগ করেন প্রায় ১৭ বছর আগে ঝালকাঠির পুটিয়াখালী গ্রামের বাসিন্দা মৃত আব্দুল গফুর হাওলাদারের ছেলে আলী হোসেনের সঙ্গে তার মেজ বোন মাহমুদা আক্তার চপলের বিয়ে হয়। তারা ঢাকা মানিকদিতে থাকতেন। ২০০৮ সালে আলী হোসেন সিডরে ক্ষতিগ্রস্থদের ত্রাণ বিতরণের জন্য গিয়ে সুফিয়া আক্তার সুখি নামে আরেকজনকে বিয়ে করেন- এ দাবি করে মামুন বলেন, এই ঘটনার পর থেকে পারিবারিক কলহ দেখা দেয়। বেশ কয়েকবার আমার বোনকে হত্যার চেষ্টাও চালায়। "গত ২৯ মার্চ মিরপুরের নিউ ডিওএইচএস'এ ফ্ল্যাট কেনার নাম করে নির্মাণাধীন একটি ভবনে নিয়ে সেখানে দ্বিতীয় স্ত্রীর সহায়তায় আলী হোসেন স্ত্রী চপলকে পিটিয়ে হত্যা করেন।" তবে নুরুজ্জামান বলেছেন, ভাইয়ের দ্বিতীয় বিয়ের বিষয়টি তার জানা নেই। চপলের লাশ গোপনে পটুয়াখালীর গ্রামের বাড়িতে নিয়ে ময়নাতদন্ত ও পুলিশি প্রতিবেদন ছাড়াই আলী হোসেন দাফনের চেষ্টা করেন জানিয়ে মামুন বলেন, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। "পরে আদালতের নির্দেশে রাজাপুর থানায় একটি হত্যা মামলা হয়।" এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা রাজাপুর থানার উপ পরিদর্শক আব্দুল হালিম তালুকদার বিডিনিউজ টোয়েনিটফোর ডটকমকে জানান, মামলাটি এখন তদন্তাধীন। "তবে তদন্তের প্রয়োজনে ঢাকায় গিয়ে জানা গেছে চপল এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। হত্যার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।" সংবাদ সম্মেলনে মামুন অভিযোগ করেন, রাজাপুর থানার সোনারগাঁও গ্রামের বাসিন্দা আব্দুর রহিমের দায়ের করা মামলায় আলী হোসেনের তিন বছরের সশ্রম কারাদণ্ড ও আড়াই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ড হয়েছে। এ ব্যাপারে আলী হোসেনের ভাই নুরুজ্জামান জানান, বিদেশে লোক পাঠানোর নাম করে টাকা আত্মসাতের একটি মিথ্যা অভিযোগ ছিল তার ভাইয়ের বিরুদ্ধে। এটা অনেক আগেই নিষ্পত্তি হয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২১২৫ ঘ.