ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন দল ও সংগঠনের সঙ্গে আলোচনার অংশ হিসেবে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সঙ্গেও মত বিনিময় করেছে আওয়ামী লীগ।
রোববার রাতে কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর গ্রীন রোডের কার্যালয়ে ওই বৈঠক শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে।
ওবায়দুল কাদের ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর গ্রীন রোডের কার্যালয়ে যান। কনকো-ফিলিপসের সঙ্গে করা চুক্তি বাতিলের দাবিতে আন্দোলনরত তেল-গ্যাস কমিটি এ কার্যালয়কেই নিজেদের অস্থায়ী অফিস হিসেবে ব্যবহার করে আসছে।
প্রায় এক ঘণ্টা বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, "অত্যন্ত হৃদ্যতাপূর্ণ বৈঠক হয়েছে আমাদের মধ্যে। আলোচনায় যে যার অবস্থান পরিষ্কার করেছি।"
তবে তেল-গ্যাস কমিটির চলমান আন্দোলন কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে দাবি করেন এই আওয়ামী লীগ নেতা।
যদিও তেল-গ্যাস কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ বলেছেন, আলোচনায় তাদের আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরা হয়েছে।
প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর বিষয়ে ইংগিত করে আনু বলেন, "অনির্বাচিত একজনকে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা করায় বৈঠকে ক্ষোভ প্রকাশ করা হয়।"
অন্যদিকে 'দুই পক্ষের' এই আলোচনা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের।
তেল-গ্যাস কমিটির পক্ষে আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ ও আনু মুহাম্মদ এই বৈঠকে অংশ নেন।
কনকো-ফিলিপসের সঙ্গে করা চুক্তি ও মডেল পিএসসি ২০০৮ বাতিলসহ সাত দফা দাবিতে গত ১৫ জুলাই সভা-সমাবেশ লংমার্চসহ পাঁচমাসব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে গত ১৬ জুন যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি কনকো-ফিলিপসের সঙ্গে ওই চুক্তির আগে থেকেই এর বিরোধিতা করে আসছে তেল-গ্যাস কমিটি। চুক্তি বাতিলের দাবিতে অর্ধদিবস হরতালও পালন করেছে তারা।
কমিটির নতুন কর্মসূচির মধ্যে রয়েছে- ঢাকা থেকে পঞ্চগড়, সুনামগঞ্জ, মংলা, কক্সবাজার ও বরগুনা পর্যন্ত দেশের ২৭ থেকে ৩১ জুলাই জনসংযোগ কর্মসূচি, ১৯ অগাস্ট ঢাকায় কেন্দ্রীয় প্রতিনিধি সভা, ২৬ অগাস্ট দেশব্যাপী ফুলবাড়ি দিবস পালন এবং উন্মুক্ত খনি চক্রান্ত বন্ধের দাবিতে সমাবেশ, ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর বঙ্গোপসাগর অভিমুখে লংমার্চ, ২২ থেকে ২৫ অক্টোবর পিএসসি ২০১১ এর প্রক্রিয়া বন্ধ এবং জাতীয় সংস্থার মাধ্যমে সুনেত্র গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন শুরুর দাবিতে ঢাকা থেকে সুনেত্রমুখী (সুনামগঞ্জ-নেত্রকোনা) লংমার্চ এবং সর্বশেষ ২৬ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এআরআর/জেকে/২১৫৬ ঘ.
bdnews24