ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের সামনের রাস্তায় কভার্ড ভ্যানের ধাক্কায় সুর্বণা নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে মিরপুর শাহআলী থানার উপ-পরিদর্শক (এসআই) মকবুল হোসেন জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুবর্ণা তার বাবা মো.শাহজাহানের সঙ্গে রিকশায় যাচ্ছিলো। পেছন থেকে একটি কভার্ড ভ্যান রিকশাটিকে ধাক্কা দিলে বাবা-মেয়ে দুজনই ছিটকে পড়েন।
মকবুল জানান, মাথায় আঘাত পাওয়া সুবর্ণাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকাল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক জানান, সুবর্ণা মারা গেছে।
এক ভাই এক বোনের মধ্যে সুর্বণা বড়। তাদের বাসা শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের পিছনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/আরএ/১৮৫৪ ঘ.
bdnews24