ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাকরাইলে একটি নির্মাণাধীন বহুতল ভবনের লিফট ছিঁড়ে চার শ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলার আলামত নষ্ট করায় কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট।
রোববার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ স্বতপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাকরাইল পেট্রোল পাম্পের পাশের আইরিশ নূরজাহান টাওয়ারের লিফট ছিঁড়ে মো. জাহিদুল (২৪), আবদুর রহমান (২০), রুবেল (২০) ও দেলোয়ার (২০) নামে চার শ্রমিকের মৃত্যু হয়।
নির্মাণাধীন ওই ২০ তলা ভবনটির শ্রমিকদের প্রধান মো. আজগর বাদি এ ঘটনায় একটি মামলা করেন। বিল্ডিং ফর ফিউচার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান ভবনটি নির্মাণের দায়িত্বে রয়েছে।
ওই মামলার আদালত নষ্ট করা হচ্ছে বলে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ আদালতের নজরে এলে রোববার এ আদেশ দেয় হাইকোর্ট।
আগামী দুই সপ্তাহের মধ্যে ঢাকার জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, রমনা থানার ওসি, বিল্ডিং ফর ফিউচার লিমিটেডের চেয়ারম্যানকে এর জবাব দিতে বলা হয়েছে।
একইসঙ্গে রমনা থানার ওসি, প্রকৌশলী তানভীরুল হক প্রবাল ও মামলার বাদিকে আগামী ১ অগাস্ট সকাল সাড়ে ১০টায় হাজির হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৫৫৫ ঘ.
bdnews24