২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়া ফেরতদের টাকা দেওয়া শুরু

লিবিয়া প্রত্যাগত বাংলাদেশি কর্মীদের মধ্যে ৫০ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2011, 09:07 AM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়া প্রত্যাগত বাংলাদেশি কর্মীদের মধ্যে ৫০ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া শুরু হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন রোববার এক অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যাগত এসব কর্মীর মধ্যে ব্যাংক হিসাবে জমা হওয়া টাকার হস্তান্তরপত্র (অ্যাডভাইস লেটার) বিতরণ করেন। মিরপুর দারুস সালাম রোডে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কল সেন্টারে এ হস্তান্তরপত্র বিতরণ অনুষ্ঠানটি হয়। যুদ্ধের ডামাডোলের কারণে লিবিয়া থেকে ফেরত আসা ৩৬ হাজারের বেশি বাংলাদেশিকে সহায়তার এ অর্থ এসেছে বিশ্বব্যাংক থেকে, ঋণ হিসেবে। এ অর্থ বিতরণের দায়িত্ব পালন করছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। সবার নথিপত্র পরীক্ষা করে সহায়তার অর্থ দিতে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে বলে মন্ত্রী জানান। তিনি বলেন, "আমরা জানি, যারা ফিরে এসেছেন, তারা নিঃস্ব হয়ে এসেছেন। তবে এটাও সত্য, কুয়েত ফেরত ব্যক্তিদের ক্ষতিপূরণের অর্থও এখনো দেওয়া শেষ হয়নি।" লিবিয়া প্রত্যাগতদের ২০ হাজার টাকা দেওয়ার পরিকল্পনা থাকলেও সহজ শর্তে বিশ্বব্যাংকের ঋণ পাওয়ায় ৫০ হাজার টাকা করে দেওয়া যাচ্ছে বলে জানান মন্ত্রী। প্রত্যাগত কর্মীদের সহায়তার অর্থ নেওয়ার সময় আবার তারা বিদেশ যেতে চান কি না, তা জানাতে হবে। এজন্য একটি ফরম পূরণ করতে হবে। এতে যারা বিদেশ যেতে আগ্রহী হবেন, তাদের আগামী এক বছরের মধ্যেই বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। "যারা যাবেন না, তারা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিয়ে স্বাবলম্বী হতে পারবেন", বলেন মোশাররফ। আগামী সাড়ে তিন মাস ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দৈনিক ৪৫০ জন করে কর্মীর নথিপত্র ও তথ্য পরীক্ষা করে তাদের হস্তান্তরপত্র দেওয়া হবে। বাংলাদেশে নিযুক্ত আইওএম'র আঞ্চলিক প্রধান রাবাব ফাতিমা বলেন, কর্মীরা হস্তান্তরপত্র পাওয়ার তিন থেকে সাতদিনের মধ্যে নিজ নিজ হিসাব থেকে তাদের নগদ সহায়তার ৫০ হাজার টাকা তুলতে পারবেন। তিনি জানান, যাদের কাছে বৈধ নথিপত্র ও বিমানবন্দরের নিবন্ধণের নথি রয়েছে, তারা কাগজপত্র দেখানোর পরই অর্থ হস্তান্তরপত্র পাবেন। তবে যাদের এ ধরনের নথিপত্র হারিয়ে গেছে, তাদের তথ্যও পরীক্ষা করতে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি যাচাই শেষে তাদের সহায়তার অর্থ দেওয়া হবে। আইওএম'র সর্বশেষ তথ্য অনুযায়ী রাবাব ফাতিমা জানান, এখন পর্যন্ত ৩৬ হাজার ৫৯৪ জন বাংলাদেশি কর্মী লিবিয়া থেকে ফিরে এসেছে। এদের মধ্যে ৩৬ হাজার ৩৬৪ জন পুরুষ এবং ১৪৫ জন নারী। লিবিয়ার পাশের দেশ তিউনিসিয়া সীমান্তে এখনো আরো ১৪ জন ফিরে আসার অপেক্ষায় রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৫০০ ঘ.