মৌলভীবাজার, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পতাকা বৈঠকের পরও মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি নাগরিককে ফেরত দেয়নি বিএসএফ।
বৃহস্পতিবার বিকালে সীমান্তের জাম্বুরাছড়া কালেঙ্গা এলাকা থেকে কাছন আলীকে (৩৫) ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
এ ব্যাপারে শুক্রবার শ্রীমঙ্গলের কালেঙ্গা সীমান্তে দু'দেশের ক্যাম্প পর্যায়ে একটি পতাকা বৈঠক হয় বলে বিজিবি জানায়।
বিজিবি ১৪ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে কালেঙ্গা এলাকায় গরু চরানোর সময় কাছন আলীকে ধরে নিয়ে যায় বিএসএফ।
কাছন আলী উপজেলার হুগলিয়া টিলাগাঁও গ্রামের প্রয়াত ছইদ আলীর ছেলে।
তাকে ফেরত আনার ব্যাপারে রোববার আবারো পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৪ ঘ.
bdnews24