কুড়িগ্রাম, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ টোল আদায়, ব্যাটারি চালিত অটোরিকশা, নছিমন, করিমন ও ভটভটি চলাচল বন্ধসহ পাঁচদফা দাবিতে রোববার থেকে কুড়িগ্রামে পরিবহন ধর্মঘট শুরুর ঘোষণা দিয়েছে শ্রমিকরা।
জেলা সড়ক পরিবহন মালিক গ্র"প, মোটর শ্রমিক ইউনিয়ন ও ট্রাক শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ ধর্মঘট ডেকেছে।
জেলা সড়ক পরিবহন মালিক গ্র"পের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসী বলেন, দাবি পূরণ না করা পর্যন্ত রোববার ভোর ৬টা থেকে কুড়িগ্রাম থেকে দূর পাল্লা ও অভ্যন্তরীণ রুটে বাস, মিনিবাস, মাইক্রোবাস ও ট্রাক চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
পাঁচদফা দাবির সমর্থনে শনিবার দুপুরে পরিবহন শ্রমিকরা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
এখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা সড়ক পরিবহন মালিক গ্র"পের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসী, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিদুল ইসলাম সরদার, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মতিয়ার রহমান, বাস মালিক আব্দুল আজিজ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১২ ঘ.
bdnews24