২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ ছাত্র হত্যায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: টুকু

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, আমিনবাজারে ছয় ছাত্রকে পিটিয়ে মারার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2011, 12:32 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

সাভার, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, আমিনবাজারে ছয় ছাত্রকে পিটিয়ে মারার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার বিকালে নিজের সংসদীয় এলাকা পাবনা থেকে সপরিবারে ঢাকা ফেরার পথে সাভারের আমিনবাজারে সাংবাদিকদের তিনি একথা বলেন। রোববার গভীর রাতে আমিনবাজারের বড়দেশী এলাকায় কেবলার চরে স্থানীয়দের পিটুনিতে ছয় ছাত্র নিহত হন। ওই ঘটনায় হড়িত সন্দেহে শনিবার ভোরে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গণপিটুনিতে ছয় ছাত্রের মৃত্যুর ঘটনায় একটি ডাকাতির মামলা ও একটি হত্যা মামলা হয়েছে। পুলিশের দায়ের করা হত্যা মামলায় পাঁচ থেকে ছয়শ' জনকে আসামি করা হয়েছে। অপরদিকে ডাকাতির মামলায় ছয় ছাত্রসহ ১৫/২০ জনকে আসামি করেছেন স্থানীয় বালু ব্যবসায়ী আব্দুল মালেক। এর আগে টুকু উপস্থিত পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে এলাকার খোঁজখবর নেন। এসময় তিনি কেবলারচরের লোকজনদের সঙ্গেও কথা বলেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ঘটনার সঙ্গে পুলিশের কোনো সদস্যের সম্পৃক্ততা থাকলে তা তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিহতরা ডাকাতি করতে এসেছিল নাকি অন্য কোনো কারণে এসেছিল- তাও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান টুকু। আমিনবাজারে পিটিয়ে ছাত্র মারার ঘটনা তদন্তে বৃহস্পতিবার চার সদস্যের একটি কমিটি করেছে পুলিশ। কমিটিকে ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/১৮২৮ ঘ.