বগুড়া, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বগুড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল পুলিশ লাঠিপেটা করে পণ্ড করেছে। এসময় একজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিকে পুলিশ জামায়াত কর্মী দাবি করেছে। তবে আব্দুর রাকিব নামের ওই ব্যক্তি নিজেকে জামায়াত কর্মী নন বলে দাবি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর পৌনে ২টায় শহরের কবি নজরুল ইসলাম সড়ক থেকে জামায়াতের একটি বিক্ষোভ মিছিল শহরের সাতমাথা পৌঁছলে পুলিশ পিছন দিক থেকে ধাওয়া ও লাঠিপেটা শুরু করে।
এ সময় জামায়াত কর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। পুলিশ ধাওয়া করে একজনকে আটক করে।
আটক রাকিব সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি একজন ব্যবসায়ী। রাস্তায় দাঁড়িয়ে জামায়াতের মিছিল দেখছিলেন। এ সময় তাকে আটক করা হয়।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক ভূঁইয়া জানান, মিছিল থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় আব্দুর রাকিব নামের ওই জামায়াত কর্মীকে আটক করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৫৮ ঘ.
bdnews24