ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শনিবার সংসদ ভবন লেকে ১০ হাজার পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরের এক অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ মো. আব্দুস শহীদ রুই, কাতলা, মৃগেল ও থাই সরপুটিসহ বিভিন্ন রকমের মাছ লেকে অবমুক্ত করেন।
নিরাপদ মাছে ভরবো দেশ বদলে দেব বাংলাদেশ- এ শ্লোগানকে সামনে রেখে গত বুধবার শুরু হয়েছে জাতীয় মৎস সপ্তাহ।
শহীদ বলেন, মানুষের স্বাস্থ্য রক্ষা ও প্রাণীজ আমিষের চাহিদা পূরণে মাছ একটি গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান এবং অর্থনৈতিক দিক থেকে লাভজনক খাত।
"দেশের বদ্ধ ও উন্মুক্ত জলাশয়গুলোতে মৎস্য চাষ ও উৎপাদন বৃদ্ধি করা গেলে এবং মৎস্য সংরক্ষণের মাধ্যমে দেশে মাছের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব হলে আমিষের চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক দিক থেকে দেশ স্বাবলম্বী হতে সক্ষম হবে", বলেন তিনি।
সামাজিক দায়িত্বের অংশ হিসেবে দলমত নির্বিশেষে দেশের সবাইকে মৎস্য চাষ কার্যক্রম বৃদ্ধির আন্দোলনে শরিক হয়ে দেশের মানুষকে অপুষ্টি থেকে মুক্ত করার আহ্বান জানান প্রধান হুইপ।
অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, জাতীয় সংসদের হুইপ আ.স.ম ফিরোজ, যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মমতাজ বেগম, সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন চৌধুরী, আশরাফুন নেছা মোশারফ, নূর আফরোজ আলী, অপু উকিল, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. মাহবুবুর রহমান খানসহ মৎস্য অধিপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/১৭১৮ ঘ.
bdnews24