২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় চতুর্থ শ্রেণীর ছাত্রী ' ধর্ষণ'

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় চতুর্থ শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2011, 03:19 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

নেত্রকোনা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার পূর্বধলা উপজেলায় চতুর্থ শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রায় এক সপ্তাহ আগে (১৬ জুলাই) ঘটনাটি ঘটলেও থানায় মামলা না নেওয়ায় আদালতে মামলা করা হয় বলে মেয়েটির পরিবার অভিযোগ করছে। জারিয়া ইউনিয়নের ঢেউটুকুন বাজারে এ ঘটনা ঘটে। ঢেউটুকুন গ্রামের এক রিকশাচালকের এই মেয়েটি (১১) খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। বুধবার নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন মেয়েটির মা। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তপূর্বক আগামী ২৩ অগাস্ট প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় পূর্বধলা থানার ওসিকে। মামলায় দুই আসামি হলেন মালিক ছত্তর ও তার ভগ্নিপতি হাছেন আলী। মামলার নথি থেকে জানা যায়, গ্রামের এক প্রতিবেশীর বাড়ি গিয়ে নতুন বউ দেখে ফেরার পথে বিকালে একটি বেকারিতে স্থানীয় বখাটে মালিক ছত্তর (২২) মেয়েটিকে ধর্ষণ করে। মেয়েটির মা অভিযোগ করেন, ঘটনার পর থেকেই ছত্তর ও তার লোকজন তাদের পরিবারের কাউকে বাড়ি থেকে বের হতে দিচ্ছে না। এছাড়া এ ব্যাপারে মামলা করলে বা কাউকে জানালে মেরে ফেলারও হুমকি দিচ্ছে। পূর্বধলা থানার ওসি সালাহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতের নির্দেশের কাগজ আজ (শুক্রবার) পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। থানায় মামলা না নেওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এখানে মামলা না নিয়ে আদালতে পাঠিয়ে দিয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৮ ঘ.