নোয়াখালী, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী সদর উপজেলায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে থানায়।
এক সপ্তাহ আগে (১৫ জুলাই) ঘটনার পরপরই বিদ্যালয় পরিচালনা কমিটিকে জানানো হলেও তারা সময়ক্ষেপণ করতে থাকেন বলে মেয়েটির পরিবার অভিযোগ করেছে।
এরপর বুধবার সদর থানায় মামলা দায়ের করা হয়।
উত্তর শুল্লকিয়া চৌরাস্তা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের অভিযুক্ত এই প্রধানশিক্ষক শাহজাহান হাফিজ (৪৫) পলাতক রয়েছেন।
ছাত্রীটির পারিবার জানায়, ঘটনার দিন বিকালে শাহজাহান হাফিজের বাড়িতে পঞ্চম শ্রেণীর কয়েকজন ছাত্রী প্রাইভেট পড়তে যায়। এ সময় শাহজাহানের পরিবারের লোকজন বাড়িতে ছিলো না।
এ সুযোগে শাহজাহান ওই মেয়েটিকে ঘরে রেখে বাকিদের মাছ ধরতে পুকুরে পাঠিয়ে দেন। এক পর্যায়ে হাফিজ মেয়েটিকে ধর্ষণ করলে তার চিৎকারে সহপাঠীরা ছুটে আসে এবং ঘটনাটি দেখে ফেলে।
পরদিন ছাত্রীটির মা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মফিজ উল্লার কাছে বিষয়টি জানালে তিনি স্থানীয়ভাবে মীমাংসার আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করতে থাকেন।
ছয়দিন পর মেয়েটির মা ও প্রত্যক্ষদর্শী দুই সহপাঠী উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে এই প্রধানশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করে।
শিক্ষা কর্মকর্তা জসীম উদ্দিন শেখ জানান, অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার তিনি বিদ্যালয়ে গিয়ে ঘটনাটি তদন্ত করেন। তদন্তে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যেসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে তা প্রতিবেদন আকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ ব্যাপারে সুধারাম থানার ওসি মোশারফ হোসেন তরফদার জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ পেয়েই বুধবার তা নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার আদালতে ছাত্রীটির জবানবন্দি রেকর্ড করা হয়েছে।
তিনি জানান, আগামী রোববার নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করা হবে। আসামি শাহজাহান হাফিজকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ছাত্রীটিকে তার মায়ের জিম্মায় রাখা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৩০ ঘ.
bdnews24