সাভার, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের পল্লীতে এক গৃবধূকে হত্যার অভিযোগে তার স্বামীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার রাত ১০টায় কমলাপুর এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় অমৃতা বেরুনিকা রোজারিওর (২৬) লাশ উদ্ধার করা হয়।
অমৃতা একই এলাকার কলমা মধ্যপাড়ার সুবাস রোজারিওর মেয়ে।
এ ঘটনায় জড়িত অভিযোগে অমৃতার স্বামী শীতল রিবেরু (৩৫) ও তার চাচা সুভাষ রিবেরুকে গ্রেপ্তার করা হয়েছে।
অমৃতার মা দীপ্তি গোমেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিয়ের পর থেকেই অমৃতাকে তার স্বামী শীতল রিবেরু মাতাল অবস্থায় শারীরিক ও মানসিক নির্যাতন করতো। যৌতুক হিসেবে টাকা দাবি করেও মারধর করতো। অমৃতা এর প্রতিবাদ করলে নির্যাতন আরো বেশি করতো।
দিপ্তী গোমেজ অভিযোগ করেন, বৃহস্পতিবার অমৃতাকে তার স্বামী শ্বাসরোধে হত্যার পর গলায় রশি পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার চালায়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পল্টু ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাশের সুরতহাল রিপোর্টে গলাটিপে হত্যার প্রমাণ পাওয়া গেছে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্যে লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনার নিহতের মা চার জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৩০ ঘ.
bdnews24