২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ২ যুবকের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদিখান ও গজারিয়ায় দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2011, 07:00 AM

Updated : 24 Aug 2022, 03:36 PM

মুন্সীগঞ্জ, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের সিরাজদিখান ও গজারিয়ায় দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে সিরাজদিখান উপজেলার রামের খোলা গ্রামে ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে অজ্ঞাতনামা এক যুবকের (২৮) লাশ উদ্ধার করে পুলিশ। সিরাজদিখান থানার ওসি মাহাবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্বৃত্তরা অন্য কোথাও গুলি করে হত্যার পর লাশটি ফেলে যায়। নিহতের চোখ গামছা দিয়ে বাঁধা ছিলো। তার কানে ও বুকে দুটি গুলির চিহ্ন রয়েছে। তার পরনে থ্রি কোয়ার্টার কালো প্যান্ট এবং বেগুনি রংয়ের গেঞ্জি রয়েছে। এদিকে জাফর মিয়া (২৭) নামের এক স্থানীয় যুবকের লাশ উদ্ধার করা হয় গজারিয়া উপজেলার ভাটিবলাকির কাছে মেঘনা নদীতে ভাসমান অবস্থায়। গজারিয়া থানার ওসি আরজু মিয়া জানিয়েছেন, বুধবার রাতে জাফরকে তার কয়েকজন বন্ধু বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাড়ি ফিরেনি। তাকে হত্যার পর মেঘনা নদীতে ফেলে দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। জাফরের বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানান আরজু মিয়া। উভয় পুলিশ কর্মকর্তা জানান, পৃথক ঘটনায় দুই থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/১২৪৫ ঘ.