সিরাজগঞ্জ, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন দিনের ব্যবধনে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্টে আবারো ভাঙন শুরু হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ভাঙন শুরুর পর রাত ১টা পর্যন্ত বাঁধের মূল কাঠামোর প্রায় ১২০ মিটার অংশ নদীগর্ভে হারিয়ে যায়। ওই সময় পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের কাউকে ঘটনাস্থলে দেখা যায়নি।
জেলা প্রশাসক আমিনুল ইসলাম রাত পৌনে ১২টা দিকে ঘটনাস্থলে যান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভাঙন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। স্থানীয়দের নিরাপদে সরে যেতে বলা হয়েছে।"
ভাঙন থামানো না গেলে নদীর পানি শহরে ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
স্থানীয় বসিন্দারা জানান, বাঁধের ৫০ ফুটের মাতে অংশ কাঁচা। ওই অংশটি ভেঙে গেলে পৌর এলাকার আটটি গ্রাম পানিতে তলিয়ে যাবে।
রাতে ভাঙন শুরুর পরপরই স্থানীয় হাজার হাজর মানুষ বাঁধের পাশে রাখা কংক্রিটের ব্লক ও জিও ব্যাগে বালি ভরে নদীতে ছুঁড়ে ভাঙন ঠেকানোর চেষ্টা শুরু করেন। কিন্তু এক ঘণ্টার মধ্যে প্রশাসন বা পানি উন্নয়ন বোর্ডের কেউ এগিয়ে না আসায় উত্তেজিত হয়ে ওঠে তারা।
বিক্ষুব্ধ জনতার একটি অংশ পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে গাফিলতি ও ঠিকাদারের অনিয়মের অভিযোগে বোর্ডের সিরাজগঞ্জ কার্যালয় ও নির্বাহী প্রকৌশলী সুজয় চাকমার বাসায় হামলা চালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে সদর থানার এএসআই শোয়াইবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
সিরাজগঞ্জ পানি উন্নন বোর্ডের বিশেষায়িত শাখার নির্বাহী প্রকৌশলী আবদুল মালেক টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আকস্মিক এই ধস দেখা দিয়েছে। ঠিকাদরকে বলা আছে। তারা ভাঙন রোধের ব্যবস্থা নেবে।"
সিরাজগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাজ উদ্দিন জানান, রাত সাড়ে ১২টার দিকে পুলিশ মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে নিরাপদে সরে যেতে বলে। ওই ঘোষণার পর স্থানীয় বাসিন্দারা নদী তীর থেকে ঘরবাড়ি সরিয়ে নিতে শুরু করেন।
আতঙ্কিত এলাকাবাসী রাতে বাঁধের কাছে ছুটোছুটি শুরু করলে হার্ড পয়েন্টের পূর্ব দিকে ভাঙন প্রতিরোধ তদারকিতে নিয়োজিত সেনাবাহিনীর সদস্যরা হার্ড পয়েন্টে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
ঘটনাস্থলে উপস্থিত মেজর পঙ্কজ দেবনাথ বলেন, "স্থানীয় বাসিন্দারা জিও ব্যাগে বালি ভরে নদীতে ফেলে ধস ঠেকানোর চেষ্টা করছেন। আমরা নিরাপত্তার দিকটি দেখার চেষ্টা করছি।"
এর আগে সোমবার রাতে শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্টের পুরাতন জেলখানার কাছে হঠাৎ ভাঙন শুরু হয় । ওই রাতেই বাঁধের অন্তত ৫০ মিটার নদীগর্ভে চলে যায়। সেই সঙ্গে বাঁধের উপরিভাগের পাকা সড়কও ধসে যায়।
২ দশমিক ৭ কিলোমিটারের এই বাঁধ নির্মাণ হয় ২০০৩ সালে। এর আগে ২০০৯ সালে ১০ ও ১৭ জুলাই এবং ২০১০ সালে ১৯ জুলাই এই বাঁধে ভাঙন হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০১৩২ ঘ.
bdnews24