বাগেরহাট, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুয়া বিল-ভাউচার জমা দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাত কর্মকর্তার বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এদের অনেকে অবসরে গেছেন আবার কেউ কেউ এখনো দায়িত্ব পালন করছেন। মামলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এক প্রকল্প পরিচালক ও দুই নির্বাহী প্রকৌশলীকেও অভিযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে খুলনার খালিশপুর থানায় পৃথক এই মামলা তিনটি দায়ের করেন দুদকের খুলনা-বাগেরহাট-সাতক্ষীরা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর খুলনা ভান্ডার সার্কেলের তৎকালীন তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুর রহমান মিঞা, নির্বাহী প্রকৌশলী আব্দুল ওহাব শিকদার ও উপ-বিভাগীয় প্রকৌশলী শাহ আলমকে তিনটি মামলাতেই আসামি করা হয়েছে। মামলারগুলোর অন্য আসামিরা হলেন-জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান কার্যালয়ের ইসলামী উন্নয়ন ব্যাংক-আইডিবি প্রকল্পের তৎকালীন প্রকল্প পরিচালক প্রকৌশলী আবুল কালাম এবং খুলনা ভান্ডার সার্কেলের তৎকালীন স্টিমেটর মো. গোলাম মোস্তফা, খুলনা ভান্ডার সার্কেলের বর্তমান ভান্ডার রক্ষক মো. আব্দুল্লাহ, খুলনা ভান্ডার সার্কেলের বর্তমান উপ-সহকারী প্রকৌশলী রতন কুমার সমাদ্দার।
এদের মধ্যে আব্দুর রহমান মিঞা ও আব্দুল ওহাব শিকদার ২০০৮ সালে এবং আবুল কালাম ও মো. গোলাম মোস্তফা ২০০৯ সালে অবসরে গেছেন। শাহ আলম বর্তমানে ঝালকাঠিতে নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত।
দুদক কর্মকর্তা আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, আইডিবি'র অর্থায়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের খুলনা ভান্ডার সার্কেলের দুটি প্রকল্পের অর্থ তসরুপের কারণে তাদের বিরুদ্ধে মামলা তিনটি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/২২৪৩ ঘ.
bdnews24