ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইতিহাদ এয়ারওয়েজের দুই যাত্রীকে হয়রানির অভিযোগে বিমান সংস্থাটির কান্ট্রি ম্যানেজার আশরাফুল কবিরকে আগামী ১৭ অগাস্ট আবারো আদালতে হাজির হতে বলেছে হাইকোর্ট।
ওই নির্যাতনের ঘটনায় কী পদক্ষেপ নেয়া হয়েছে তা প্রতিবেদন আকারে আদালতে দাখিল করতেও নির্দেশ দেওয়া হয়েছে।
আশরাফুল বৃহস্পতিবার হাজিরা দিতে আসলে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এই নির্দেশ দেয়। গত ১৪ জুলাই হাইকোর্ট এক আদেশে তাকে আদালতে হাজির হতে বলে।
শুনানিতে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে কবিরের আইনজীবী এ বি এম সিদ্দিকুর রহমান আদালতে আবেদন জানান।
তিনি বলেন, অভিযোগ আসার পর ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
এ সময় আদালত বলে, এভাবে নাগরিকরা হয়রানির শিকার হতে থাকলে এ দেশে ওই এয়ারলাইন্সের কাজ বন্ধ করে দেওয়া হবে।
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ। ২০০৩ সালের জুলাইয়ে এ এয়ারওয়েজ প্রতিষ্ঠিত হয়। ইতিহাদ বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করে ওই বছরের নভেম্বরে।
গত ২৮ জুন কানাডা ও বাংলাদেশের দ্বৈত নাগরিক তানজিন বৃষ্টি ও তার মা কানাডা যাওয়ার পথে ইহিহাদের কর্তকর্তাদের হাতে হয়রানির শিকার হন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা ও ক্ষতিপূরণ চেয়ে বৃষ্টির রিট আবেদনে হাইকোর্ট রুল জারি করে।
বিমান সংস্থাটির বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আশরাফুল কবিরকে সশরীরে আদালতে হাজির হয়ে ওই ঘটনার কারণ ব্যাখ্যা করার নির্দেশের পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে আলাদা কমিটির মাধ্যমে তদন্ত করে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়।
আদালতে বৃষ্টির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ এবং সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।
এর আগে গত ৫ জুলাই নাজেহাল হওয়া যাত্রী তানজিন বৃষ্টি মনজিল মোরসেদের মাধ্যমে ইতিহাদের কাছে এক লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করে লিগ্যাল নোটিস দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২২৩০ ঘ.
bdnews24