বগুড়া, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া সদরে এক গৃহবধূকে গুলি করে হত্যা করেছে তার স্বামীর আত্মীয়।
বুধবার রাত ১০টার দিকে তাহেরা খাতুন ফাহিমা নামের ওই গৃহবধুকে গুলি করে হত্যা করা হয়।
ফাহিমা বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কুটুরবাড়ি পূর্বপাড়া গ্রামের আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী।
এ ঘটনায় ফাহিমার পিতা শহরের মাটিডালি দক্ষিণ পাড়ার আব্দুল হামিদ বাদী হয়ে রাতেই সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, কুটুরবাড়ি পূর্বপাড়া গ্রামের আব্দুল্লাহ আল মামুন ও তার স্ত্রী তাহেরা খাতুন ফাহিমা (২২) বুধবার রাতে নিজেদের ঘরে শুয়ে পড়েন।
মামুনের জ্যাঠাতো ভাই মৃত আব্দুল বাছেদ ফটুর ছেলে রাজীব হোসেন সুমন (২২) এ সময় হঠাৎ ঘরে ঢুকে ফাহিমাকে লক্ষ্য করে গুলি করে। ফাহিমার বুকে গুলি বিদ্ধ হয়।
চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে সুমন পালিয়ে যায়। ফাহিমাকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম খালেকুজ্জামান জানান, সুমন পলাতক রয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহার করা আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২১৭ ঘ.
bdnews24