ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়াউর রহমানের শাসনামলের নির্দিষ্ট একটি সময়ে 'নিখোঁজ' সামরিক কর্মকর্তার সংখ্যা বের করতে জরিপ করা উচিত বলে মনে করেন লরেন্স লিফশুজ।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ ওই সময়ে সরকারের রোষানলে পড়া বিদেশি এ সাংবাদিক বলেছেন, "১৯৭৭-৭৮ সালে হারিয়ে যাওয়া সেনা কর্মকর্তাদের পরিবারের মধ্যে বর্তমান সরকারের একটি জরিপ করা উচিত; যাতে কীভাবে তারা মারা গেছেন বা কোথায় তাদের সমাহিত করা হয়েছে, তা চিহ্নিত করা হয়।"
বাংলাদেশের ইতিহাসের ধোঁয়াশাচ্ছন্ন সময়ে অনুদ্ঘাটিত এ মৃত্যুর ঘটনাগুলো বের করতে একটি কমিশন গঠন করতেও বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর অস্থিতিশীল পরিস্থিতির এক পর্যায়ে নভেম্বরে রাষ্ট্রক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন জিয়া। প্রথমে সেনাপ্রধান ও পরে দেশের প্রথম সামরিক আইন প্রশাসক হিসেবে রাষ্ট্রক্ষমতায় আসীন হন তিনি।
জিয়া নিজে মুক্তিযোদ্ধা হলেও নিজের ক্ষমতা পাকাপোক্ত করতে বহু মুক্তিযোদ্ধা সৈনিককে সামরিক আদালতে বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। তারই একজন হলেন মুক্তিযুদ্ধের অন্যতম সমরনায়ক কর্নেল আবু তাহের।
তাহেরের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার তাহের সংসদ আয়োজিত এক আলোচনা সভায় মূল প্রবন্ধে লিফশুজ জিয়ার আমলে সামরিক বাহিনীতে অনুদ্ঘাটিত তথ্যগুলো প্রকাশ্য করার বিষয়টি তুললেন।
জিয়া রাষ্ট্রক্ষমতায় যাওয়ার পর কর্নেল তাহেরসহ ১৭ জনকে সামরিক আদালতে গোপন বিচারে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ১৯৭৬ সালের ১৭ জুলাই রায় হওয়ার চার দিন পর কর্নেল তাহেরকে ফাঁসিতে ঝোলানো হয়।
তাহেরের গোপন বিচার চলাকালে ফার ইস্টার্ন ইকোনোমিক রিভিউ'র তৎকালীন দক্ষিণ এশিয়া প্রতিনিধি হিসাবে প্রতিবেদন করতে বাংলাদেশে এসেছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিক লিফশুজ।
গোপনীয় ওই বিচার দেখতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢোকার চেষ্টা চালিয়েছিলেন তিনি। ঢুকতে ব্যর্থ হয়ে তিনি কারাগারের বাইরে অবস্থান নেন। পরে সরকার তাকে ধরে নিয়ে বাংলাদেশ থেকে বহিষ্কার করে।
ঘটনার ৩৪ বছর পর হাইকোর্ট বলেছে, তাহেরের ওই বিচার ছিলো অবৈধ। জিয়ার স্বৈরশাসনে বাধা হওয়ায় তাহেরকে ফাঁসিতে ঝুলতে হয়েছিলো।
এ নিয়ে করা কয়েকটি রিট আবেদনে এ বছর দেওয়া হাইকোর্টের রায়ে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা সৈনিক হত্যায় জিয়ার সম্পৃক্ততা ছিলো কি না, তাও খতিয়ে দেখতে সরকারকে বলা হয়।
আদালতের অনুরোধে ওই রিট আবেদনের শুনানিতে বক্তব্য নিয়ে হাজির হয়েছিলেন লিফশুজ।
'আশা করি মির্জা ফখরুল কথা বলবেন'
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনকেন্দ্র টিএসসিতে আলোচনা সভায় লিফশুজ বলেন, তাহের হত্যা অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় আক্ষরিক অর্থেই ঐতিহাসিক। এটা আধুনিকতা ও সভ্যতার পথে বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ অগ্রগতি।
"তাহের ছিলেন একজন অসাধারণ ব্যক্তিত্ব। তার জীবন কাহিনী বর্তমান প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া উচিত। যাতে তারা এর থেকে অনুপ্রেরণা পেতে পারে", বলেন তিনি।
সমাজতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্নচারী তাহেরকে হত্যা এবং ওই সময়ের বাংলাদেশের ঘটনাপ্রবাহের পর্যবেক্ষণ নিয়ে লিফশুজ একটি বই লিখেছেন, যার শিরোনাম 'বাংলাদেশ: দি আনফিনিশড রেভলিউশন'।
মার্কিন এ সাংবাদিক বলেন, "তাহের হত্যার রায় দেওয়ার পর বিএনপি নেতা এমকে আনোয়ার বলেছিলেন, 'সরকার একজন বিদেশি সাংবাদিককে ভাড়া করে এনেছে।' তখন আমি তাকে ফোন করে কথা বলতে চেয়েছিলাম, তিনি কথা বলতে চাননি।"
এরপর বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এক সমাবেশে একই কথা বলেছিলেন জানিয়ে লিফশুজ বলেন, "এবার বাংলাদেশে এসে আমি তাকে (ফখরুল) ফোন করেছি। আশা করছি, তিনি কথা বলবেন।"
তাহের সংসদের এ আলোচনায় তাহেরের সঙ্গে অভিযুক্ত ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য হায়দার আকবর খান রনো ও বিচারপতি গোলাম রব্বানী বক্তব্য দেন।
কর্নেল আবু তাহের বীর উত্তম ১৯৩৮ সালের ১৪ নভেম্বর আসামের বদরপুরে জন্মগ্রহণ করেন।
১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যার প্রতিবাদে স্টাফ কলেজ থেকে পদত্যাগ করেন। ১৯৭১ সালের ২০ জুলাই মেজর এম এ মঞ্জুর, মেজর জিয়াউদ্দিন এবং ক্যাপ্টেন পাটোয়ারিকে সঙ্গে নিয়ে পাকিস্তানের অ্যাবোটাবাদ থেকে পালিয়ে সীমান্ত অতিক্রম করে ভারত যান তাহের।
তাহের মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন। ১৪ নভেম্বর (জন্মদিনে) ঢাকার প্রবেশদ্বার কামালপুরের শত্র" ঘাঁটিতে আক্রমণ চালানোর সময় আহত হন তাহের। এতে বাম পা হারানো তাহেরের সাহসিকতা নিয়ে 'ক্র্যাচের কর্নেল' নামে একটি উপন্যাসও স
bdnews24