২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে সাড়ে ৪শ' গলাকাটা পাসপোর্টসহ আটক ৭

পটুয়াখালীতে সাড়ে চারশ গলাকাটা পাসপোর্ট সহ সাত জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে পাসপোর্ট অফিসের তিন সদস্য রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 03:16 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

পটুয়াখালী, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীতে সাড়ে চারশ গলাকাটা পাসপোর্ট সহ সাত জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে পাসপোর্ট অফিসের তিন সদস্য রয়েছে। র‌্যাব জানায়, বৃহস্পতিবার দুপুরে জেলা পাসপোর্ট অফিসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। তারা হচ্ছেন পটুয়াখালী পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক শাহজাহান হাওলাদার, অফিস সহকারী আবুল হোসেন, চতুর্থ শ্রেণীর কর্মচারী ওহিদুজ্জামান, পাসপোর্ট অফিসের দালাল মন্টু কর্মকার, পার্থ দাস, মো. রফিক ও বাবুল গাজি। র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. নুরুজ্জামান জানান, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে পুরাতন পাসপোর্ট সংগ্রহ করে সংঘবদ্ধ একটি চক্র পাসপোর্ট অফিসের সহায়তায় দীর্ঘদিন ধরে গলাকাটা পাসপোর্ট তৈরি করে আসছিলো। তিনি জানান, র‌্যাব এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছে। পাসপোর্ট অফিসের তিন সদস্যকে গ্রেপ্তারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হয়েছে। আটক পার্থ দাস জানান, কিছুদিন আগে ঢাকায় বদলী হয়ে যাওয়া অফিস সহকারী ইব্রাহীম খলিল পলাশ গলাকাটা পাসপোর্ট তৈরির কাজ শুরু করেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পুরাতন ও খোয়া যাওয়া পাসপোর্ট ক্যুরিয়ার সার্ভিসের মাধ্যমে দালালদের কাছে আসে। দালালরা সেগুলো পাসপোর্ট অফিসে নির্দিষ্ট কর্মীর কাছে পৌঁছে দিতো। পার্থ জানান, এ জন্য দালালরা পাসপোর্ট প্রতি ৫০ টাকা করে পেত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২১১৪ ঘ.