ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর করার প্রস্তাব সম্বলিত দুর্যোগ ব্যবস্থা আইনের খসড়া চূড়ান্ত হয়ে অগাস্টে উঠবে মন্ত্রিসভার বৈঠকে।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির বৈঠক শেষে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, বৈঠকে কমিটির সদস্যরা কিছু সুপারিশ করছে এবং প্রস্তাবিত আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনার পর সংশোধন করা হয়। ২৮ জুলাই তারিখের মধ্যে সংশোধনীগুলো লিখিতভাবে জানানোর জন্য সময় দেওয়া হয়েছে। এ সংশোধনীগুলো সন্নিবেশ করে আগামী মাসে চূড়ান্ত আকারে আইনটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।
খসড়াটি কমিটি অনুমোদন করেছে- এ তথ্য জানিয়ে রাজ্জাক বলেন, খসড়া আইনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর করার সুপারিশ করা হয়েছে।
সভায় ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা নীতিমালা অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার স ম গোলাম কিবরিয়া।
বৈঠকে অন্যদের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব এম আব্দুল আজিজ, কৃষি সচিব সি কিউ কে মুসতাক আহমদ, নৌপরিবহন সচিব মো. আব্দুল মান্নান হাওলাদার, ভূমি সচিব মো. মোখলেছুর রহামন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব ড. এম আসলাম আলম, সমাজকল্যাণ সচিব ড. রনজিৎ কুমার বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/২০১৮ ঘ.
bdnews24