চট্টগ্রাম, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ছয়টি খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান এবং খাবারের দোকানকে দুই লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আাদলত।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর ফিরিঙ্গীবাজার, কোর্ট হিল, নন্দনকানন এবং লালদীঘি এলাকার এই ছয় প্রতিষ্ঠানকে বিশুদ্ধ খাদ্য আইনে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ম্যাজিস্ট্রেট আবদুর রহমান এ জরিমানা করেন।
সিসিসি'র জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ জানিয়েছেন, নষ্ট খাবার পরিবেশন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে এ জরিমানা করা হয়েছে।
এর মধ্যে কোর্ট হিল এলাকার হোটেল জমজমকে ২০ হাজার টাকা, হোটেল জামান ২০ হাজার, হোটেল ক্রাউন ৩০ হাজার, হোটেল ব্রিজ ২০ হাজার, ফিরিঙ্গীবাজারে মেলার কারখানা ৮৫ হাজার টাকা এবং নন্দনকানন এলাকার দয়াময়ী মিষ্টান্ন ভাণ্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব ও পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে অভিযানে সহায়তা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/এএল/১৯৫০ ঘ.
bdnews24