কুষ্টিয়া, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ গ্রামে দুটি আগ্নেয়াস্ত্র ও পাঁচ রাউন্ড গুলিসহ পাঁচ ডাকাতকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার পোড়াদহ গ্রামে এ ঘটনা ঘটে বলে র্যাব-১২ কুষ্টিয়া ইউনিটের কর্মকর্তা ক্যাপ্টেন মেহেদী হাসান জানান।
আটককৃতরা হলেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাজেদুল ইসলাম ওরফে সেলিম (৩০), জুয়েল রানা (২৮), শাহীন আলী (২৫), মোহন কুমার (৩০) ও সদর উপজেলার নাহিদ ইসলাম।
ক্যাপ্টেন মেহেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পোড়াদহ এলাকার সিরাজ হ্যাচারীর পাশে ওই ব্যক্তিরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। র্যাব-১২ এর একটি দল সেখানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে। তাদের দেহ তল্লাশি করে একটি এল.জি. বন্দুক, একটি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি পাওয়া গেছে।
এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা হবে বলে জানান র্যাব কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৯৪১ ঘ.
bdnews24