বরিশাল, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মিরসরাইয়ে দুর্ঘটনায় ৩৮ স্কুলছাত্রসহ ৪০ জনের মৃত্যুর জন্য 'দায়ী' ট্রাকচালক মফিজ উদ্দিনকে গ্রেপ্তারের পর বিকালে কারাগারে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার নয় দিন পর বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সদর উপজেলায় কাউনিয়া থানা এলাকার একটি বাড়ি থেকে তাকে মফিজকে গ্রেপ্তার করা হয়। বিকালে তাকে বরিশাল মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক আলতাফ হোসাইন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ১১ জুলাইয়ের ওই দুর্ঘটনায় মফিজকে (৪৫) আসামি করে একটি মামলা হয়। মফিজের বাড়ি মিরসরাই উপজেলার মধ্যম মায়ানি ইউনিয়নের মোক্তারপাড়ায়। দুর্ঘটনার পরপরই গাঢাকা দেয় মফিজ। ওই মামলায় মফিজকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ওইদিন মিরসরাই স্টেডিয়াম থেকে 'বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের' খেলা দেখে ফেরার সময় সৈদালী গ্রামে ট্রাকটি সড়কের পাশের ডোবায় উল্টে পড়ে।
কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হেমায়েল কবির জানান, মিরসরাই থানার মামলার আসামি হিসেবে মফিজকে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম পাঠানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৯২৯ ঘ.
bdnews24