২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাভাবিক রাষ্ট্রে এটা চলতে পারে না: মিজানুর

সাভারের আমিনবাজারে গণপিটুনিতে ছয় ছাত্র নিহত হওয়া প্রসঙ্গে মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেছেন, স্বাধীন ও স্বাভাবিক রাষ্ট্রে এটা চলতে পারে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 12:28 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আমিনবাজারে গণপিটুনিতে ছয় ছাত্র নিহত হওয়া প্রসঙ্গে মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেছেন, স্বাধীন ও স্বাভাবিক রাষ্ট্রে এটা চলতে পারে না। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনে এক আলোচনা সভায় কমিশন চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, "ঠাণ্ডামাথায় বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে ছয়জন ছাত্র। স্বাধীন ও স্বাভাবিক রাষ্ট্রে এটা চলতে পারে না। আবার রংপুরের বদরগঞ্জে দুই নারীকে প্রকাশ্যে লাঠিপেঠা করা হয়েছে। এগুলো একই সূত্রে গাঁথা।" "প্রশাসন থেকে বলা হয় এগুলো বিচ্ছিন্ন ঘটনা," এ কথা উল্লেখ করে মিজানুর বলেন, "ধিক্কার এই রাষ্ট্রের প্রতি, ধিক্কার এই রাষ্ট্রীয় বিচার ব্যবস্থার প্রতি, ধিক্কার এ প্রশাসনের প্রতি।" রোববার গভীর রাতে সাভারের আমিনবাজারের বড়দেশী গ্রামের কেবলার চরে ডাকাত সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে ছয় ছাত্র নিহত এবং আরেক যুবক আহত হন। যুদ্ধাপরাধে অভিযোগে বিচারাধীন জামায়াতে ইসলামী নেতাদের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগ প্রসঙ্গে কমিশন চেয়ারম্যান বলেন, "বারিধারার একটি বাসায় বিদেশি আইনজীবীদের সমন্বয়ে একটি দল যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিভিন্ন পন্থা উদ্ভাবনের কাজ করছে। "এখন দেশের মানুষের জন্য যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে কাজ করার সময় এসেছে। এদের বিচার না হলে জাতি কখনো মুক্তির স্বাদ পাবে না।" মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীরা আজো অবহেলিত হচ্ছে বলেও মন্তব্য করেন মিজানুর রহমান। "তাদের ঠিকমত মূল্যায়ন করা হচ্ছে না। অনেকে সরকারের পক্ষ থেকে স্বীকৃতিও পাচ্ছেন না।" 'সামাজিক সহায়তা উদ্যোগ' নামক সংগঠনের আয়োজনে 'নির্যাতিত নারীদের সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে সামাজিক সচেতনতা সৃষ্টির কর্মসূচি' শীর্ষক ওই আলোচনার সভার সভাপতিত্ব করেন ঢাবি ইতিহাস বিভাগের অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৮২৩ ঘ.