সাইদ মেমন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
বরিশাল, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক খাদে পড়ে ৩৮ স্কুলছাত্রসহ ৪০ জনের মৃত্যুর জন্য যাকে দায়ী করা হচ্ছে, সেই ট্রাকচালক মফিজ উদ্দিন দুর্ঘটনার বর্ণনা দিয়েছেন।
তিনি বলেছেন, ট্রাকের ব্রেক ফেল করেছিলো।
দুর্ঘটনার নয় দিন পর বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বরিশাল সদর উপজেলার কাউনিয়া এলাকায় একটি বাড়ি থেকে মফিজকে গ্রেপ্তার করা হয়।
মফিজ কাউনিয়া থানায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সেদিনের দুর্ঘটনার বর্ননা দেন। এ সময় তাকে বেশ বিমর্ষ দেখাচ্ছিলো।
গত ১১ জুলাইয়ের ওই দুর্ঘটনার পর মফিজকে (৪৫) আসামি করে একটি মামলা হয়। মফিজের বাড়ি মিরসরাই উপজেলার মধ্যম মায়ানি ইউনিয়নের মোক্তারপাড়ায়। দুর্ঘটনার পর পরই সে গা ঢাকা দেয়।
এদিন মিরসরাই স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-এর একটি খেলা দেখে শিক্ষার্থীরা ওই ট্রাকে করে ফিরছিলো। পথে সৈদালী নামক স্থানে ট্রাকটি রাস্তা থেকে ছিটকে সড়কের পাশের ডোবায় উল্টে পড়ে। এতে ৩৮ স্কুল ছাত্রসহ ৪০ জনের মৃত্যু হয়।
যেভাবে ঘটেছে দুর্ঘটনা
মফিজ বলেন, মিরসরাই স্টেডিয়ামে খেলা শেষে ছাত্রদের নিয়ে আবু তোরাব উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে ফিরছিলাম। খেলায় জয়ী হওয়ায় ট্রাকে ছাত্ররা উল্লাস করছিলো। ঘটনাস্থল থেকে কিছু দূরে একটি ছোট সেতু থাকায় ট্রাকের গতি কমিয়ে আনার জন্য ব্রেক করি।
কিন্তু এ সময় ব্রেক ফেল করে। তাৎক্ষণিকভাবে ট্রাকটি দ্বিতীয় গিয়ারে নামিয়ে আনি।
এসময় বিপরীত দিক থেকে একটি মালবাহী ট্রলি আসতে দেখে ট্রাকের সামনের লাইট জ্বালিয়ে বিপদসঙ্কেত দেই। ট্রলি চালক ওই সঙ্কেত বুঝতে না পারায় হাতে নেড়ে তাকে সাইড দেয়ার জন্য বলি।
তারপরও ট্রলিটি সাইড না দেওয়ায় পাশ কাটানোর চেষ্টা করি। এ সময় ট্রাক রাস্তার পাশে চলে আসে এবং সড়কের কিনারের সোলিং ভেঙ্গে চাকা মাটিতে নেমে যায়। এর ফলে ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। চোখের পলকে ট্রাকটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
মফিজ জানান, তিনিও পানিতে ডুবে যান। ট্রাকের সামনে চালকের আসনের পাশে বসা ছাত্ররা বাঁচার জন্য দরজায় ধাক্কাধাক্কি শুরু করে। এতে ট্রাকের জানালা খুলে যায়। তা দিয়েই বাইরে বেরিয়ে আসেন তিনি।
মফিজ বলেন, ট্রাকটি উল্টে যাওয়ায় পিছনে থাকা ছাত্ররা চাপা পড়ে। দুই ছাত্রের হাত ও পা ধরে টানাটানি করেও বের করতে ব্যর্থ হই। এক পর্যায়ে স্থানীয় কয়েক জনের সহায়তায় ট্রাকটি কাত করার চেষ্টা করি। তাতেও ব্যর্থ হই।
মফিজ জানান, এক সময় তিনি সেখান থেকে পালিয়ে যান। গ্রামে এক আত্মীয়ের বাসায় গিয়ে ভেজা কাপড় পাল্টে চট্টগ্রামে যান। সেখানে দু'দিন থেকে লক্ষীপুরে মজু চৌধুরীর হাট ও সেখান থেকে সি-ট্রাকে বরিশালে যান।
এই দুর্ঘটনার কথা গোপন রেখে ৫/৬ দিন আগে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের উলাল বাটনা গ্রামে ভাগ্নির শ্বশুরবাড়িতে গিয়ে উঠেন মফিজ। সেখান থেকেই তাকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে পুলিশ।
আবু তোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বেঁচে যাওয়া শিক্ষার্থী এমরান, নিজাম উদ্দিন ও বোরহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনার আগে মফিজ মোবাইল ফোনে কথা বলছিলেন।
মায়ানি গ্রামের মোক্তার বাড়ি এলাকার বাসিন্দা কৃষক নুরুল আবছার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মফিজ মূলত চালকের সহকারী। মাঝে মাঝে তিনি গাড়ি চালাতেন। তার কোনো লাইসেন্স নেই।
এ ব্যাপারে মফিজ জানান, তিনি ২০/২২ বছর ধরে ট্রাক চালান। তবে প্রয়োজনীয় কোনো কাগজপত্র তার নেই।
দুর্ঘটনায় নিহত ৩৮ ছাত্রের মধ্যে তার আপন ছোট ভাইয়ের ছেলেও রয়েছে বলে জানান মফিজ।
তিনি বলেন, ওমান প্রবাসী ছোট ভাই শাহ আলমের একমাত্র সন্তান ছিলো নয়ন। সে মায়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭৪০ ঘ.
bdnews24