নরসিংদী, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চার নারীসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে সাত জন।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলার বাসাইলস্থ আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- প্রাইভেট কারের যাত্রী কহিনুর বেগম (৪০), নুরজাহান বেগম (৬৫), সুজিনা আক্তার (২৫), ইয়াসমিন বেগম (১৪) ও গাড়িচালক জাকির মিয়া (২৭)।
দুর্ঘটনায় গুরুতর আহতদের মধ্যে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সালাউদ্দিন আহমেদ সানু এবং তার দেড় বছর বয়সী ছেলে সাফওয়ান রয়েছেন।
নিহত কহিনুর সালাউদ্দিন আহমেদের স্ত্রী। সানু ও তার ছেলেকে ঢাকার স্কয়ার হাসপাতালে পাঠানো হয়েছে।
মাধবদী থেকে ভেলানগরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয় বলে নরসিংদী মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনাকবলিত বাস এবং প্রাইভেট কারটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নরসিংদী মডেল থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/এমআই/১৫২০ ঘ.
bdnews24