২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিউকের জামিনের বিরুদ্ধে আপিল আবেদন মঞ্জুর

২১ অগাস্টের গ্রেনেড হামলা মামলায় খালেদা জিয়ার ভাগ্নে কারাবন্দি সাইফুল ইসলাম ডিউককের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল করার আবেদন মঞ্জুর করেছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 09:14 AM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্টের গ্রেনেড হামলা মামলায় খালেদা জিয়ার ভাগ্নে কারাবন্দি সাইফুল ইসলাম ডিউককের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল করার আবেদন মঞ্জুর করেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের আট সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ আপিল করার আবেদন (লিভ টু আপিল) মঞ্জুর করে পাঁচ সপ্তাহের মধ্যে আপিলের সার সংক্ষেপ জমা দিতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছে। একইসঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া ডিউকের জামিন সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়েছে। শুনানিতে রাষ্ট্রপক্ষ ২১ অগাস্টের ওই ঘটনায় দেওয়া সম্পূরক অভিযোগপত্র আদালতে উপস্থাপন করে। গত ১৪ জুলাই এই অভিযোগপত্র জমা দিতে নির্দেশ দিয়েছিলো আদালত। ২১ অগাস্ট মামলায় ডিউককে গ্রেপ্তার দেখানোর পর গত ৪ মে হাইকোর্ট তাকে জামিন দিয়েছিলো। এতে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে ৮ মে চেম্বার বিচারপতি ওই আদেশের কার্যকারিতা স্থগিত করে শুনানির জন্য তা পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। ২০০৪ সালের ২১ অগাস্ট শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার সম্পূরক অভিযোগপত্র গত ৩ জুলাই আদালতে জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এতে ডিউক ছাড়াও খালেদার বড় ছেলে তারেক রহমানসহ ৩০ জনকে নতুন করে আসামি করা হয়। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং ডিউকের পক্ষে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন শুনানিতে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৫১০ ঘ.