লিটন হায়দার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরাপত্তাহীনতার আশঙ্কা ও অর্থাভাবে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে না আমিনবাজারে গণপিটুনিতে মারাত্মক আহত আল আমিনকে।
আলি-আমিন কেন্দ্রিক নিরাপত্তাহীনতার আশঙ্কার মধ্যেই বৃহস্পতিবার সকালে মানববন্ধন করার ঘোষণা দিয়েছে দারুসসালাম এলাকাবাসী।
রোববার গভীর রাতে সাভারের আমিনবাজারের বড়দেশী গ্রামের কেবলার চরে ডাকাত সন্দেহে জনতার পিটুনিতে ছয় ছাত্র নিহত ও আল আমিন মারাত্মক আহত হন।
ঘটনার পর থেকে মিরপুরের দারুস সালাম এলাকায় বিরাজ করছে থমথমে অবস্থা। নিহত ছয় জনই দারুস সালাম ও শ্যামলী এলাকার বাসিন্দা।
ওই ঘটনায় দুটি মামলার মধ্যে এক বালু ব্যবসায়ীর ডাকাতির অভিযোগে করা মামলায় আসামি করা হয়েছে নিহত ছয় জনসহ আল-আমিনকে।
মঙ্গলবার অসুস্থ অবস্থায় তাকে এই ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালত তার জামিন মঞ্জুর করেন। আদালত থেকে তাকে সরাসরি দারুস সালামের বাসায় নেওয়া হয়।
রক্ত-ব্যান্ডেজ নিয়ে বাসায়
বাম হাতের একটি আঙুল ভাঙা- ঝুলছে। বাম কান দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। রক্ত লেগে আছে মাথার ব্যান্ডেজের একটি অংশে, পিঠে একাধিক ব্যান্ডেজ।
কেবলার চরে ডাকাত সন্দেহে গণপিটুনির ঘটনায় বেঁচে যাওয়া আল-আমিনের এ অবস্থায় হাসপাতালে থাকার কথা। তবে কথিত ডাকাতি মামলায় জামিন পাওয়ার পর মঙ্গলবার থেকে তার নামমাত্র চিকিৎসা চলছে বাসায়ই।
ওই ঘটনার পর ভয় আর আতঙ্ক শুধু আল-আমিন বা তার পরিবারকে নয়, এলাকাবাসীকেও তাড়া করে ফিরছে। হাসপাতালে ভর্তি করা হলে কে তার নিরাপত্তা দেবে বা তার পক্ষ নিলে হয়রানি না হওয়ার নিশ্চয়তা কে দেবে- এমন প্রশ্ন এখন দারুস সালাম এলাকাবাসীর মধ্যে।
বুধবার সকালে দারুস সালাম এলাকা ঘুরে এবং আল আমিনসহ বিভিন্ন জনের সঙ্গে কথা বলে এমনই তথ্য মিললো। সকালে ওই ঘটনার প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিলও করেছে। বৃহস্পতিবার সকালে তারা মানববন্ধন করবে বলে ঘোষণা দিয়েছে।
তিন হাজার টাকায় ভাড়া নেওয়া একটি কক্ষে আল আমিনের পরিবারের পাঁচ সদস্য থাকে। এরা হলেন- বাবা হবি বেপারী, মা শিল্পী আকতার, ছোট ভাই আব্দুর রহমান (১১) ও ছোট বোন সাদিয়া (৬)।
হবি বেপারি এক সময় মিশুক চালাতেন। এখন ট্যাক্সি চালান। তার রোজগার দিয়ে সংসার চলে। টাকার অভাবে বড় ছেলে আল-আমিনকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়িয়ে একটি গাড়ি মেরামতের কারখানায় কাজ শিখতে দিয়েছিলেন। সেখান থেকে সংসারে কিছু দিতে না পারায় চলতি মাসের ৮ তারিখে একটি বেসরকারি প্রতিষ্ঠানে পাঁচ হাজার টাকা বেতনে বিক্রয় প্রতিনিধি হিসাবে চাকরি নেন আল-আমিন।
তিনি বলেন, বাবার অভাবের সংসারে একটু সুখ দেওয়া ইচ্ছা ছিল তার। নিজে লেখাপড়ার পাঠ চুকালেও ছোট ভাই-বোনকে শিক্ষিত করার বাসনা থেকেই মূলত তার চাকরি নেওয়া।
'কৌশলে যদি মেরে ফেলে'
আল আমিনের মা শিল্পী আকতার কান্না জড়িত কণ্ঠে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংসার কোনোমতে চলছে। বর্তমানে আল-আমিনের এ অবস্থা। হাসপাতালে নেব কীভাবে, আর চিকিৎসার খরচ বহন করবই বা কীভাবে।"
এরই মধ্যে আল-আমিনের চিকিৎসা ও জামিনসহ প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়েছে, জানালেন শিল্পী।
ছেলের এ অবস্থার পরও হাসপাতালে নিয়ে ভর্তি করাতে ভয় পাচ্ছেন শিল্পী আকতার। কেউ যদি মেরে ফেলে এমন আতঙ্ক তার মনে। এই আতঙ্ক শুধু শিল্পী বা তার পরিবারের সদস্যদের মধ্যে নয়। এলাকাবাসীর মধ্যেও।
এলাকায় ঘোরাঘুরি করার সময় এক যুবক পথ আগলে ধরে পরিচয় জানতে চান। পরিচয় দেওয়ার পর নিজের নাম বাবলু মিয়া বাবুল বলেন।
তিনি বলেন, "মিথ্যা অভিযোগে শিক্ষিত ছয় জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আল-আমিনও এখন মৃত্যুর মুখোমুখি। তাকে হাসপাতালে ভর্তি করানো খুবই জরুরি। কিন্তু আমরা তা পরছি না। তাকে হাসপাতালে ভর্তি করানোর পর কৌশলে যদি মেরে ফেলে। কিংবা এলাকার যে লোক তাকে সহায়তা করবে তাকে যদি পুলিশ বা অন্য কাউকে দিয়ে হয়রানি করা হয়?"
একজন সাংসদের নাম উল্লেখ করে বাবলু বলেন, "তিনি আমাদের ধোঁকা দিয়েছেন। একটি বারের জন্য নিহতদের এবং আহত আল আমিনের বাড়িতে আসেননি, সহানুভূতি জানাননি। তবে বৃহস্পতিবার মানববন্ধন আছে, তখন আমরা আমাদের প্রকৃত অবস্থান তুলে ধরবো।"
একই ধরনের বক্তব্য দেন এলাকার একটি স্কুলের শিক্ষক মিজানুর রহমান।
তিনি বলেন, এ মহূর্তে আল-আমিনের নিরাপত্তা এবং সুচিকিৎসা দরকার।
'চিৎ হয়ে শোয়া যায় না'
আল আমিন বলেন, চিৎ হয়ে শোয়া যাচ্ছে না। রক্ত পড়ার কারণে কান দিয়ে কিছু শোনা যাচ্ছে না। মাথা এবং ভাঙা আঙুল সবসময় ব্যাথা করছে।
ঘটনার রাতের বর্ণনা দিয়ে আল আমিন বলেন, "আমিনবাজারের বরদেশী গ্রাম যে অপরাধপ্রবণ এলাকা তা তাদের জানা ছিলো না। আমাকে আহত করার পর গাড়িতে তোলা হলে মাথা দিয়ে অঝরে রক্ত পড়ছিলো। তখন ভাবছিলাম মরে যাচ্ছি। এ সময় একবার বাবা-মায়ের সঙ্গে মোবাইলে কথা বলতে চাইলে এক পুলিশ সদস্য বলে, শুয়োরের বাচ্চা চুপ থাক, না হলে মেরে ফেলবো।"
এর আগে ঘটনার মুহূর্তে আরেক পুলিশ সদস্যের পা ধরে বাঁচার আকুতি জানানোর সময় ওই পুলিশ সদস্য যা যা বলতে বলবে তাই বলতে হবে শর্ত জুড়ে দিয়েছিলেন।
"আমি তাই মেনে নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/পিডি/২০৩৩ ঘ.
bdnews24