ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের নবীনতম দেশ দক্ষিণ সুদানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ সুদানের স্বাধীনতার মধ্য দিয়ে সেখানকার জনগণের দীর্ঘদিনের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার আকাঙ্খার প্রতিফলন ঘটেছে।
গত ৯ জুলাই সুদান থেকে আলাদা হয়ে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে দক্ষিণ সুদান। গৃহযুদ্ধের অবসানে ২০০৫ সালে করা শান্তি চুক্তি অনুযায়ী গত ৯ থেকে ১৫ জানুয়ারি দক্ষিণ সুদানে গণভোট হয়। সেই ভোটে স্বাধীনতার পক্ষে রায় দেয় দেশটির মানুষ।
জাতিসংঘ সাধারণ পরিষদ গত ১৪ জুলাই ১৯৩তম সদস্য হিসেবে দক্ষিণ সুদানকে স্বীকৃতি দেয়। সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশও সাধারণ পরিষদের ওই সিদ্ধান্তের অংশীদার ছিলো।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আফ্রিকার নতুন এই দেশের সরকার ও জনগণের শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করে।
সেখানকার গণতন্ত্রকে শক্তিশালী করতে, টেকসই উন্নয়নে ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশ দক্ষিণ সুদানকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাবে বলেও এতে উল্লেখ করা হয়।
জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের (ইউএনএমআইএস) হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর দেড় হাজারেরও বেশি সদস্য সুদানে ২০০৫ সালের শান্তি চুক্তি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/জেকে/২০৩৩ ঘ.
bdnews24