বরিশাল, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) ছাত্রশিবিরের দুই কর্মীকে আটকে রেখে রাতভর নির্যাতনের ঘটনায় ছাত্রলীগের ১৬ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার দুপুরে বরিশাল মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন নির্যাতনের শিকার মেডিকেল কলেজের ৩য় বর্ষের ছাত্র ও শিবির কর্মী আবু সাইদ ফেরদৌস।
মামলায় শাখা ছাত্রলীগ নেতা ও ছাত্র কল্যাণ পরিষদের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ৫ম বর্ষের ছাত্র আবু তালিব মো. আব্দুল্লাহ মারুফসহ ১৬ ছাত্রলীগ কর্মীকে আসামি করা হয়েছে।
বিচারক মো. আলতাফ হোসাইন অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন আদালতে দাখিল করার জন্য কোতয়ালী মডেল থানার ওসিকে আদেশ দিয়েছেন।
শুক্রবার বিকালে শেবাচিমের ৩য় বর্ষের ছাত্র ও শিবির কর্মী আবু সাইদ ফেরদৌস ও ২য় বর্ষের মো. আদনান নগরীর বাংলা বাজার থেকে হেঁটে ক্যাম্পাসে ফিরছিলেন।
পথে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী তাদেরকে ধরে তিন নম্বর ছাত্রাবাসের আবাসিক ছাত্র শেবাচিম ছাত্র কল্যাণ পরিষদের এজিএস আবু তালিব মোহাম্মদ আব্দুল্লাহ মারুফের ১০৩ নং কক্ষে নিয়ে যায়। পরে তাদের উপর রাতভর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৯৩২ ঘ.
bdnews24