মৌলভীবাজার, জুলাই ২০ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যার অভিযোগে মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভানুবিল গ্রাম থেকে মঙ্গলবার গভীর রাতে পুতুল মিয়া (৩০) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পুতুল মিয়া সদর উপেজলার বলিয়ারভাগ গ্রামের আব্দুল লতিফের ছেলে।
গত ৩ জুলাই সন্ধ্যায় সদর উপজেলার সাবিয়া গ্রামের সাব্বির মিয়ার ছেলে সাহেদ মিয়া (২২) নিখোঁজ হন। ৬ জুলাই বলিয়ারভাগ এলাকায় শাহেদের গলাকাটা লাশ পাওয়া যায়।
পুতুল মিয়াকে বুধবার দুপুরে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
সেখানে মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (এএসপি) আলমগীর হোসেন জানান, পুতুলের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় পুতুলের শ্বশুরবাড়ি থেকে নিহত শাহেদের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুতুল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
পুতুলের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আরো বলেন, পুতুল একজন মাদকসেবী। মাদকের টাকা সংগ্রহের জন্য শাহেদকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।
শাহেদের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা, স্বর্ণের চেইন ও মোবাইল ফোন সেট নিয়ে যায় বলেও পুতুল স্বীকার করেছে, জানান এএসপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৩৪ ঘ.
bdnews24