রাজশাহী, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে নিুমানের বিস্কুট তৈরি ও বাজারজাত করার অভিযোগে রাজশাহীতে তিনটি কারখানাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে নগরীর বোয়ালিয়া থানার সপুরা বিসিক শিল্প নগরী এলাকায় অভিযান চালিয়ে তিন কারখানাকে মোট ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাশ্বেরুল ইসলাম। রাজশাহী বিএসটিআই'র মাঠ কর্মকর্তা (সিএম) শাহাদৎ হোসেন ও র্যাবের একদল সদস্য আদালতের সঙ্গে ছিলেন।
র্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশুদ্ধ খাদ্যদ্রব্য অধ্যাদেশ অনুযায়ী বিশাল বিস্কুট ফ্যাক্টরির ব্যবস্থাপক মজিবুর আলমকে এক লাখ, রুচিতা অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফুড ইন্ডাষ্ট্রিজের ব্যবস্থাপক তারিক আজিজকে এক লাখ এবং রাতুল বেকারির মালিক আব্দুর রহমানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব-৫ এর অপারেশন কর্মকর্তা নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জরিমানার দুই লাখ ১৫ হাজার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করে সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েসিন্টফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/কেএমএস/১৯৩৭ ঘ.
bdnews24