সাতক্ষীরা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন ৬ বিডিআর (বর্তমানে বিজিবি) সদস্য।
বুধবার দুপুরে জেলা কারাগারের তত্ত্বাবধায়ক নূরুন্নবী ভূঁইয়া সাতক্ষীরা জেলা কারাগার থেকে তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
এই ৬ জনের মধ্যে ৩ জন বিডিআর বিদ্রোহের মামলায় সাজার মেয়াদ পূর্ণ হওয়ার পর মুক্তি পেলেন। অপর ৩ জনকে রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে আটক রাখা হয়েছিলো। রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহার হওয়ায় তারা ছাড়া পেলেন।
পুলিশের দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহার হওয়ায় মুক্তিপ্রাপ্তরা হলেন বিজিবি নীলডুমুর ৭ ব্যাটালিয়নের সিপাহি মো. জাহিদুল ইসলাম, মো. মাসুদ রানা ও এমএলএসএস জাহাঙ্গীর হোসেন।
সাজার মেয়াদ শেষ হওয়ার পর মুক্তিপ্রাপ্তরা হলেন বিজিবি নীলডুমুর ৭ ব্যাটালিয়নের হাবিলদার আব্দুল কুদ্দুস, সিপাহী ইয়াকুব আলী ও বিজিবি ৪১ ব্যাটালিয়নের সিপাহী শাহাজাদা।
২০০৯ সালের ২৫ ফেব্র"য়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের পরদিন সাতক্ষীরায় ৪১ ও ৭ রাইফেল ব্যাটালিয়নেও বিদ্রোহের ঘটনা ঘটে।
এ ব্যাপারে বিডিআর আইনে জওয়ানদের নামে বিদ্রোহের মামলা দায়ের করা হয়।
এ ছাড়া শ্যামনগর থানার তৎকালীন ওসি মতিউর রহমান ও সাতক্ষীরা সদর থানার ওসি কামরুজ্জামান রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে দুই ব্যাটালিয়নের ৬৩ জনের বিরুদ্ধে আদালতে দু'টি মামলা করেন।
সাতক্ষীরা ৪১ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতে বিদ্রোহের মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২০১০ সালের ১৯ এপ্রিল রায়ে তিন জন অব্যাহতি পান। কিন্তু রাষ্ট্রদ্রোহ মামলায় তাদেরকে কারাগারে আটক রাখা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৮৫৬ ঘ.
bdnews24