ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজান মাসের শেষে সারাদেশে ১৫ দিন নারী উন্নয়ন নীতি বিষয়ে সচেতনতা কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী।
বুধবার রাজধানীতে বিয়াম মিলনায়তনে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
'নারীর সমতা, উন্নয়ন ও ক্ষমতায়নে জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১ বাস্তবায়ন: মহিলা অধিদপ্তরের সম্ভাব্য করণীয় ও সামর্থ্য যাচাই শীর্ষক' দুই দিনব্যাপি এ কর্মশালার আয়োজন করে মহিলা বিষয়ক অধিদপ্তর।
গত ৭ মার্চ নারী উন্নয়ন নীতির খসড়া অনুমোদন করে মন্ত্রিসভা।
প্রতিমন্ত্রী বলেন, "নারী উন্নয়ন নীতি সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশের সব জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নানা ধরনের কার্যক্রম চালানো হবে। এসব কার্যক্রমের মধ্যে থাকবে আলোচনা সভা, সেমিনার, প্রচারপত্র বিতরণ ইত্যাদি।"
যারা এ নীতির বিরোধিতা করছে তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, "শুধু বিরোধিতার জন্য বিরোধিতা না করে নারীদের উন্নয়নে সবার এগিয়ে আসা উচিত।"
নারী উন্নয়ন নীতি শুধু নারীদের উন্নয়নে নয় সমাজের সর্বস্তরের মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি।
অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ হোসেন বলেন, "কর্মশালা শেষে যেসব সুপারিশ পাওয়া যাবে তার ভিত্তিতে নারী উন্নয়ন নীতি বাস্তবায়নে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হবে।"
অধিদপ্তরের জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ প্রায় ৭০ জন সরকারি কর্মকর্তা কর্মশালায় অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/১৭৫৬ ঘ.
bdnews24