২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সংঘর্ষে আহত ছাত্রের মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে সংঘর্ষে আহত কলেজ ছাত্র সুলতান মাহমুদ মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2011, 12:02 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

সিরাজগঞ্জ, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের তাড়াশে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে সংঘর্ষে আহত কলেজ ছাত্র সুলতান মাহমুদ মারা গেছেন। পুলিশ জানায়, বুধবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুলতান (২০) মারা যায়। মঙ্গলবার সংঘর্ষে আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সুলতান তাড়াশের চরকুশাবাড়ি এলাকার কেতাব আলীর ছেলে। সে নাটোরের গুরুদাসপুর শহীদ শামসুজ্জোহা কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলো। তাড়াশ থানার ওসি আতাউর রহমান জানান, প্রায় আট বছর আগে চরকুশাবাড়ি পূর্বপাড়ার মৃত ছকির উদ্দিনের ছেলে হাফিজ উদ্দিনের (৩৩) সঙ্গে একই এলাকার ইউসুব ফকিরের মেয়ে রেশমা খাতুনের (২৮) বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুক নিয়ে দুই পরিবারে বিরোধ চলে আসছে। এ নিয়ে গ্রামে কয়েকবার শালিস হয় এবং দুই মাস আগে আদালতে মামলাও করে রেশমা খাতুনের বাপের বাড়ির লোকজন। মামলার পর বিরোধ আরো প্রকট হয়। ওসি জানান, হাফিজের ভাগ্নে সুলতান মঙ্গলবার সকালে রেশমার বাপের বাড়ির কাছে একটি দোকানে পাওয়ার টিলারের ডিজেল কিনতে যায়। এসময় হাতের কাছে পেয়ে রেশমার বাপের বাড়ির লোকজন তাকে প্রহার করে। পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে সুলতান, সাইফুল ইসলাম, মাহতাব আলী ও কুলসুম বেগমকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সুলতানের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে সুলতান মারা যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭৫৬ ঘ.