রাঙামাটি, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসত্ত্বার সাংবিধানিক স্বীকৃতি না দেওয়ার প্রতিবাদে পাহাড়িদের সংগঠন ইউপিডিএফের ডাকে তিন পার্বত্য জেলায় সড়ক ও নৌপথ অবরোধ চলছে।
পার্বত্য চুক্তিবিরোধী এ সংগঠনটির কর্মসূচি বুধবার সকাল থেকে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় লাগাতার ৩৬ ঘণ্টা এবং বান্দরবান জেলায় ১২ ঘণ্টা চলবে।
অবরোধের কারণে রাঙামাটি শহরের সকাল থেকে কোনো দূরপাল্লার গাড়ি চলাচল করছে না। অন্য জেলা এবং উপজেলা থেকেও একই ধরনের খবর পাওয়া গেছে।
গত ৩০ জুন সংসদে পাস হওয়া সংবিধানের পঞ্চদশ সংশোধনীতেও পাহাড়ে বসবাসরত জনগোষ্ঠীগুলোকে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্ত্বা, নৃগোষ্ঠী হিসেবে চিহ্নিত করা হয়েছে, যদিও তারা আদিবাসী স্বীকৃতি দাবি করে আসছিলো।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কেন্দ্রীয় নেতা অলকেশ চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংবিধানের এ বিষয়ে আপত্তি জানিয়ে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ অবরোধ কর্মসূচি দেওয়া হয়েছে। তারা আন্দোলন চালিয়ে যাবেন।
অগ্নিনির্বাপক বাহিনী ও বিদ্যুৎ বিভাগের গাড়ি, অ্যাম্বুলেন্স, সংবাদপত্র বহনকারী ও সংবাদ সংগ্রহে নিয়োজিত যানবাহন এবং ধর্মীয় গুরুদের বহনকারী গাড়ি অবরোধের আওতামুক্ত বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০১৬ ঘ.
bdnews24