ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনের নূন্যতম প্রাথমিক কথাগুলো অনুধাবনে ব্যর্থ হওয়ায় গণপিটুনিতে ছয় ছাত্রের মৃত্যুর মতো ঘটনা ঘটছে, বলেছেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান মিজানুর রহমান।
মঙ্গলবার রাজধানীতে সাংবাদিকদের জন্য মানবাধিকার বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মিজানুর রহমান বলেন, "আমাদের দেশে এখনো গণপিটুনিতে ছয় ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটে। ওই ছেলেদের নানা দোষ উল্লেখ করে কেউ কেউ পিটিয়ে মারাকে বৈধ বলতে চাইছে।"
"আইনের নূন্যতম প্রাথমিক কথাগুলো অনুধাবন করতে ব্যর্থ হলে এরকম হয়। বস্তুত আমরা এখনো অন্ধকার যুগ থেকে আধুনিক যুগ আধুনিক যুগে উপনীত হতে পারিনি।"
এটা আমাদের চিন্তার জগতে পিছিয়ে থাকার বড় প্রমাণ উল্লেখ করে তিনি বলেন, "এই অবস্থার উত্তরণে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে।"
ওই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন ফিলিস্তিনী মানবাধিকার কর্মী ও সাংবাদিক ওমর বারগুতি।
তিনি বলেন, মার্কিন প্রভাবিত বিশ্ব মিডিয়ার একপেশে আচরণের কারণে ফিলিস্তিনে মানবাধিকার লংঘনের সঠিক চিত্র উঠে আসে না।
তালেবানরা আফগানিস্তানে স্কুল বন্ধ করে দিলে সেটি খবর হয়। কিন্তু ইসরাইলিরা একই কাজ করলে সেটি মিডিয়ায় গুরুত্ব পায় না।
দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম, আইন ও সালিশ কেন্দ্রের জেন্ডার ও সোশ্যাল জাস্টিস ইউনিটের জ্যেষ্ঠ উপ-পরিচালক সানাইয়া ফাহীম আনসারী প্রমুখ বক্তব্য রাখেন।
ইন্টারনিউজের যৌথ আয়োজনে নিজস্ব মিলনায়তনে পাঁচ দিন ব্যাপী এই কর্মশালার আয়োজন করেছে দৃক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২২২২ ঘ.
bdnews24