২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীদের মনোবল ফেরাতে মনোবিজ্ঞানী যাবে মিরসরাই

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শিক্ষার্থীদের মনোবল ফেরাতে সেখানে মনোবিজ্ঞানী পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2011, 01:05 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শিক্ষার্থীদের মনোবল ফেরাতে সেখানে মনোবিজ্ঞানী পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে সচিবালয়ে উচ্চ পর্যায়ের এক সভায় এ সিদ্ধান্ত হয়। গত ১১ জুলাই স্কুলছাত্রদের বহনকারী মিনি ট্রাক উল্টে ডোবায় পড়ে ৩৯ জনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরো একজন। এদের মধ্যে ৩৮ জন স্কুলছাত্র। তারা সবাই মিরসরাই স্টেডিয়াম থেকে খেলা দেখে ফিরছিলো। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যবিবরণীতে বলা হয়, মিরসরাইয়ের শিক্ষার্থীদের মনোবল স্বাভাবিক করার লক্ষ্যে সেখানে মনোবিজ্ঞানী পাঠানোর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ করা হবে। এ ছাড়া আহতদের পরিবারকে পাঁচ হাজার টাকার পরিবর্তে ১০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শিক্ষামন্ত্রী গত ১২ জুলাই নিহতের পরিবারকে ২৫ হাজার এবং আহতের পরিবারকে পাঁচ হাজার টাকা দেওয়া ঘোষণা দিয়েছিলেন। বুধবার ঘোষিত অর্থের চেক শিক্ষাসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী বিতরণ করবেন বলে তথ্যবিবরণীতে বলা হয়। ছাত্রী নির্যাতন প্রতিরোধে উদ্যোগ তথ্যবিবরণীতে আরো বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের হাতে ছাত্রীদের নির্যাতন প্রতিরোধে সারাদেশে কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উদ্যোগ নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। করণীয় নির্ধারণে ২১ জুলাই ঢাকা মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে বৈঠক করবে মন্ত্রণালয়। সভায় অন্যদের মধ্যে শিক্ষাসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, অতিরিক্ত সচিব এস এম গোলাম ফারুক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নোমান উর রশীদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফাহিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/১৯০১ ঘ.