২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিনবাজারের ঘটনায় আসকের উদ্বেগ

সাভারের আমিনবাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ছয় ছাত্র নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সুষ্ঠু তদন্ত দাবি করেছে আইন সহায়তা সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2011, 11:52 AM

Updated : 24 Aug 2022, 03:35 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আমিনবাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ছয় ছাত্র নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সুষ্ঠু তদন্ত দাবি করেছে আইন সহায়তা সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। সোমবার ভোররাতে রাজধানীর উপকণ্ঠে আমিনবাজারে ডাকাত সন্দেহে এলাকাবাসীর পিটুনিতে ছয় ছাত্র নিহত হয়। এ ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনার তদন্ত হবে জানিয়ে আইন হাতে তুলে না নিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। আসকের বিবৃতিতে বলা হয়, আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব যথাযথভাবে পালিত না হওয়ার সুযোগে কেউ কেউ আইন নিজের হাতে তুলে নিচ্ছে। "মানুষকে পিটিয়ে হত্যা করা নির্মম এবং আইনি প্রক্রিয়ার প্রতি জনগণের অনাস্থার পরিচায়ক। একটি গণতান্ত্রিক সমাজে এ ধরনের হিংসাত্মক কর্মকাণ্ড চলতে পারে না।" এ ঘটনার তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা এবং আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে আসক। এছাড়া আইনের শাসনের প্রতি জনগণের আস্থা তৈরির উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৭৫০ ঘ.