২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বাস উল্টে ছাত্রসহ নিহত ৩

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় খুলনা-মাওয়া সড়কে যাত্রীবাহী একটি বাস উল্টে এক বিশ্ববিদ্যালয় ছাত্রসহ তিন জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2011, 03:53 AM

Updated : 24 Aug 2022, 03:35 PM

বাগেরহাট, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় খুলনা-মাওয়া সড়কে যাত্রীবাহী একটি বাস উল্টে এক বিশ্ববিদ্যালয় ছাত্রসহ তিন জন নিহত হয়েছে। মঙ্গলবার প্রথম প্রহরে মেঝের গাওলা সোহেল ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন। নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সুন্দরবন পরিবহনের দুর্ঘটনা কবলিত ওই বাসের সুপারভাইজার রবিউল ইসলাম (৩২) এবং বেসরকারি এশিয়ান বিশ্ববিদ্যালয়ের বিবিএ'র ছাত্র সজীব (২৪)। রবিউলের বাড়ি মোল্লাহাট উপজেলার ঘোষগাঁতি গ্রামে এবং সজীবের বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলায়। নিহত অন্যজন পথচারী। মহাসড়ক পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, খুলনা থেকে ঢাকামুখী সুন্দরবন পরিবহনের বাসটি রাত ১টার দিকে সোহেল ফিলিং স্টেশনের সামনে এক পথচারীকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে পথচারী ও বিশ্ববিদ্যালয় ছাত্রসহ মোট তিন জন ঘটনাস্থলেই মারা যায়। আহত ১৫ বাসযাত্রীকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। মোল্লাহাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসটি উল্টে গিয়ে রবিউল ও সজীব গাড়ির ভেতরেই আটকা পড়েন। অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা তাদের লাশ ভেতর থেকে বের করেন। মোল্লাহাট থানার ওসি আলমগীর হোসেন জানান, লাশ তিনটি মোল্লাহাট থানায় রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০৯৪৫ ঘ.