২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ হত্যা: কাশিমপুরে ছিনতাইকারীর ফাঁসি কার্যকর

এক পুলিশ কর্মকর্তাকে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক ছিনতাইকারীর ফাঁসি কার্যকর করা হয়েছে গাজীপুরের কাশিমপুর কারাগারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2011, 07:24 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

গাজীপুর, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক পুলিশ কর্মকর্তাকে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক ছিনতাইকারীর ফাঁসি কার্যকর করা হয়েছে গাজীপুরের কাশিমপুর কারাগারে। কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ এর কারাধ্যক্ষ (জেলার) সুভাস চন্দ্র ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত ১২টার দিকে আসামি হযরত আলী ভুটিকে (৩৪) ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। হযরত আলীর বাড়ি মাদারীপুরের শিবচর থানার রাজারচরের কাজী কান্দি গ্রামে। বাবার নাম ফইজুল হক। মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ২৬ জুলাই রাতে একটি ট্যাক্সিতে করে রাজধানীর ধানমন্ডি থেকে মিরপুরে যাওয়ার পথে আসাদ গেইট এলাকায় ছিনতাইকারীদের পাল্লায় পড়েন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মো. নজরুল ইসলাম। চালক কামালের সঙ্গে যোগসাজশে তিন ছিনতাইকারী হযরত আলী, লিটন সরদার ও আব্দুল কাদের ট্যাক্সিতে উঠে নজরুল ইসলামকে ছুরি মেরে তার সঙ্গে থাকা পিস্তল ও টাকা লুটে নেয়। এ সময় আহত নজরুলের চিৎকারে টহল পুলিশ জনতার সহায়তায় ট্যাক্সিসহ ওই চারজনকে আটক করে। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় পুলিশ কর্মকর্তা নজরুলের। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়েরের পর তা দ্রুত বিচার আদালতে পাঠানো হয়। ২০০৪ সালের ১০ জুন আদালত হযরত আলীসহ ৩ জনকে মৃত্যুদণ্ড দেয়। পরবর্তীতে হযরত আলী হাইকোর্ট ও সুপ্রিমকোর্টে আপিল করলেও তার মৃত্যুদণ্ড বহাল থাকে। রাষ্ট্রপতিও তার দণ্ড মওকুফের আবেদন না-মঞ্জুর করেন। সোমবার রাত ১২টার সামান্য আগে ফাঁসিতে ঝুলিয়ে হযরত আলীর মৃত্যুদণ্ড কার্যকর করার সময় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির, সিনিয়র জেল সুপার টিপু সুলতান, জেলার সুভাস চন্দ্র ঘোষ, গাজীপুরের সহকারী পুলিশ সুপার মো. আবুল হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কারা কর্মকর্তারা জানান, ফাঁসির আগে হযরত আলীর খোলা আকাশ দেখা ও পানি পান করার ইচ্ছা পূরণ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০১১২ ঘ.