২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক স্ত্রীকে এসিড নিক্ষেপ

মাদারীপুরে সদ্য তালাক দেওয়া স্ত্রীকে তার স্বামী এসিড মেরেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2011, 04:03 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

মাদারীপুর, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরে সদ্য তালাক দেওয়া স্ত্রীকে তার স্বামী এসিড মেরেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার রাতে জেলা শহরের থানতলী এলাকায় এ ঘটনায় গুরুতর আহত হন হাসিনা আক্তার (২২)। তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হাসিনার স্বামী বাবুল সরদারকে আসামি করে একটি মামলা হলেও তাকে এখনো গ্রেপ্তার করা যায়নি। পরিবারের সদস্যদের বরাত দিয়ে মাদারীপুর সদর থানার ওসি মো. কায়ূম আলী সরদার সাংবাদিকদের বলেন, দেড় বছর আগে বরিশালের গৌরনদী উপজেলার বাবুল সরদারের সঙ্গে মাদারীপুর সদরের হাসিনার বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে ১৫ দিন আগে তাদের ছাড়াছাড়ি হয়। এরপর থেকে হাসিনা মাদারীপুর শহরের থানতলীতে বাবার বাসায় থাকছেন। পুলিশ কর্মকর্তা বলেন, রোববার (১৭ জুলাই) রাতে সিঁদ কেটে থানতলীর বাসায় ঢুকে হাসিনাকে এসিড মেরে ঝলসে দেয় বাবুল। "এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে," বলেন তিনি। হাসপাতালে হাসিনা সাংবাদিকদের বলেন, বাবুল নেশা করে তাকে মারধর করতো। বাবার বাড়ি থেকে টাকা আনতে বলতো। তার অত্যাচার সইতে না পেরে মেয়েকে নিয়ে তিনি বাবার বাড়ি চলে আসেন। তাকে হত্যার উদ্দেশ্যে সিঁধ কেটে ঘরে ঢুকে বাবুল তাকে এসিড মেরেছে বলে হাসিনা দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৮ ঘ.