সিরাজগঞ্জ, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে আত্মহত্যা চেষ্টার দু'দিন পর হাসপাতালে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শনিবার সকালে আইরিন আক্তার আশা (২১) নামের ওই ছাত্রী সিরাজগঞ্জে ফাঁসিতে আত্মহত্যার চেষ্টা করে। সোমবার ভোরে ঢাকার স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।
আশা সিরাজগঞ্জ পৌর এলাকার মালসাপাড়ার আনোয়ার হোসেনের মেয়ে। ঢাকা সিটি কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্রী।
সিরজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোসাদ্দেক হোসেন জানান, পৌরসভার একই মহল্লার জিহান (২১) নামের এক ছেলের সঙ্গে আশার প্রেমের সম্পর্ক ছিলো। জিসান ঢাকার একটি কলেজে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র।
শুক্রবার আশা ও জিহান ঢাকা থেকে সিরাজগঞ্জ এসে জিহানের বাসায় ওঠে।
শনিবার ভোরে আশার বাবা-মা তাকে জিহানের বাসা থেকে তাদের বাড়ি নিয়ে যান।
ওইদিন সকাল ১১টার দিকে আশা বাড়িতে ফাঁসিতে আত্মহত্যার চেষ্টা করে।
তাকে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতাল এবং দুপুরে ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, এ ঘটনায় আশার বাবা জিহান ও একই মহল্লায় তার বন্ধু সৌরভের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা ও যৌন হয়রানির লিখিত অভিযোগ দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮১৪ ঘ.
bdnews24