নওগাঁ, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর আত্রাই উপজেলায় এক স্কুলছাত্রীর সিঁথিতে সিন্দুর পরিয়ে দিয়েছে এক বখাটে।
অভিযুক্ত কাজল কুমার (২০) উপজেলার তিলাবাদুরী গ্রামের কালিপদ চন্দ্রের ছেলে।
এই ঘটনায় ওই ছাত্রীর বাবা শুক্রবার সন্ধ্যায় কাজল কুমারের বিরুদ্ধে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান এলাকাবাসীর বরাত দিয়ে জানান, বখাটে কাজল একই গ্রামের বাসিন্দা ও ভোপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করত।
গত বুধবার সকাল ৯টার দিকে মেয়েটি স্কুলে যাওয়ার সময় তিলাবাদুরী ও তেঘরিয়া গ্রামের মাঝামাঝি স্থানে পৌঁছলে কাজল তাকে উত্ত্যক্ত করে। এতে মেয়েটি প্রতিবাদ করলে কাজল তাকে ধরে মাথায় সিঁদুর দেয়।
অভিযুক্ত কাজলকে এখনো গ্রেপ্তার করা যায়নি বলে জানান পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০৯ ঘ.
bdnews24